রাতে বের হলেন মেলার জন্য, সকালে মিলল ক্ষতবিক্ষত লাশ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সোহেল আহম্মেদ (২৮) নামের দরজি-দোকানের এক কর্মচারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে তিনি মেলায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাঁকে খুন করেছে বলে পরিবার ও পুলিশের ধারণা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ষাটনল ইউনিয়নের পূর্ব ষাটনল গ্রামের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
নিহত সোহেল আহম্মেদের বাড়ি পূর্ব ষাটনল গ্রামেই। ওই গ্রামের মৃত নুরুল হক প্রধানের ছেলে তিনি। তিনি ষাটনল এলাকায় স্থানীয় একটি বিপণিবিতানে দরজির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
লাশের দুটি চোখ উপড়ে ফেলা হয়েছে। শরীরের বিভিন্ন অংশও ক্ষতবিক্ষত।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ১০টায় মাকে জানিয়ে সোহেল আহম্মেদ পাশের বদরপুর গ্রামে লেংটার মেলায় যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দেন। এরপর ওই রাতে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের লোকেরা রাতে তাঁর সন্ধান পাননি। আজ সকালে স্থানীয় লোকজন সোহেলের বাড়ির পাশে তাঁর বাবার কবরস্থান-সংলগ্ন একটি ধানখেতে তাঁর লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরিবারের লোকেরা সেখানে এসে দেখেন, লাশের দুটি চোখ উপড়ে ফেলা হয়েছে। শরীরের বিভিন্ন অংশও ক্ষতবিক্ষত। তাঁরা বিষয়টি পুলিশকে জানালে সকাল সাড়ে ১০টার দিকে মতলব উত্তর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।
সোহেলের মা রোকেয়া বেগম আহাজারি করে বলেন, কে বা কারা সোহেলকে কী কারণে হত্যা করেছে, তা বুঝতে পারছেন না। তবে পরিকল্পিতভাবেই তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ময়নাতদন্তের জন্য তাঁর লাশ আজ দুপুরে চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। ঠিক কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তদন্তে এ প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে।