অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রাতে যানজট সৃষ্টি হলেও দুপুরের আগেই যানজট কমে যায়। রাতের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হলেও সকালের পর থেকে নির্বিঘ্নে যেতে পেরেছে যাত্রীরা।
বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা সূত্রে জানা যায়, স্বাভাবিক অবস্থায় প্রতিদিন ১২–১৩ হাজার যানবাহন সেতু পারাপার হয়। কিন্তু ঈদ সামনে রেখে কয়েক দিন ধরে যানবাহনের চাপ বেড়ে গেছে। রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৩৯ হাজার ৪৮১টি যানবাহন পারাপার হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে সেতুর পূর্ব প্রান্ত থেকে গভীর রাতে যানজট হতে শুরু করে। ভোরের দিকে যানজট সেতু থেকে টাঙ্গাইলের দিকে ১৫ কিলোমিটার ছাড়িয়ে যায়। পরে সকালের দিকে যানজট কমতে শুরু করে। দুপুরের আগেই যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
রাতে মহাসড়কে যানজটে পড়ে যাত্রীদের ভ্যাপসা গরমে দুর্ভোগ পোহাতে হয়। ভোরে এলেঙ্গা গ্যাস পাম্পে কথা হয় ট্রাকচালক আজিম ব্যাপারীর সঙ্গে। তিনি বলেন, ‘তিন দিন ধরে এই মহাসড়কে ভোররাত থেকে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এক কিলোমিটার রাস্তা অতিক্রম করতে প্রায় এক ঘণ্টা সময় লাগে।’
মাইক্রোবাসচালক সুলতান মিয়া বলেন, ‘গত রাতে সিরাজগঞ্জ থেকে ঢাকা গিয়েছি, তখন টাঙ্গাইল অংশে কোনো যানজট পাইনি। আজকে মহাসড়কে যানজট রয়েছে।’
হানিফ পরিবহনের চালক আলমগীর মিয়া বলেন, ‘আমি পাবনা থেকে ঢাকা যাচ্ছি। সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলের রসুলপুর পর্যন্ত উত্তরবঙ্গমুখী লেনে যানজট রয়েছে। তবে ঢাকামুখী লেনে গাড়ির চাপ থাকলেও স্বাভাবিক গতিতে চলতে পারছি।’
দুপুর ১২টার দিকে টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক পর্যন্ত সরেজমিনে দেখা যায়, গাড়ির চাপ নেই। স্বাবাভিক চলছে যানবাহন।
পুলিশ বিভাগ সূত্রে জানা যায়, টাঙ্গাইল অংশে যানজট নিরসনে ৬০৩ জন পুলিশ মহাসড়কের কাজ করছে। এর বাইরেও হাইওয়ে পুলিশের প্রায় ২০০ সদস্য কাজ করছেন।