রাতে রাস্তা পারের সময় বাসের চাপায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে বাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম মতু মিয়া (৪৬)। তিনি সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর মুসলিমপাড়া গ্রামের হাসেন মুন্সির ছেলে। গতকাল সোমবার গভীর রাতে শেরপুর-ঢাকা মহাসড়কে শেরপুর সদর উপজেলার তারাকান্দি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাত ১২টার দিকে মতু মিয়া শেরপুর-ঢাকা মহাসড়কের তারাকান্দি বাজারে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ড্রিমল্যান্ড পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে পালিয়ে যান। পরে সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মতু মিয়ার লাশ উদ্ধার করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, বাস ও চালকের খোঁজ পাওয়া যায়নি।