রাতের আঁধারে আমার ছবি নামানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী শুক্রবার দুপুরে ভাঙ্গা উপজেলা পরিষদের সামনে যুবলীগের একটি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন
ছবি: সংগৃহীত

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী বলেছেন, ‘রাতের আঁধারে উপজেলা আওয়ামী লীগের অফিস থেকে আমার ছবি নামানো হয়েছে। আমি দিনের আলোতে ওই অফিসে যাব। আমি রাতের আঁধারে কাজ করি না।’

শুক্রবার দুপুর ১২টার দিকে ভাঙ্গা উপজেলা পরিষদের সামনে যুবলীগের একটি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সাংসদ মজিবুর রহমান বলেন, ‘৯ এপ্রিল বিকেল চারটায় আমি ওই অফিসে যাব, অনুষ্ঠান করব। ওই সভায় ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার সব ইউপি চেয়ারম্যান, সব পরাজিত চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন। তিনি বলেন, ‘ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে চার চোর নিয়ে কাজী জাফরউল্যাহ সভা করেছেন, আর আমি সব নেতাকে নিয়ে সভা করব। আমি দেখতে চাই, জনগণ আপনাদের ভালোবাসে না সাহাদাত, সাকলাইন, ফায়জুর, অপুর মতো চোরদের ভালোবাসে। দেখতে চাই, সাহাদাত ও ফাইজুরের বাপের কত ক্ষমতা আছে।’

আওয়ামী লীগের সম্মেলনের মুলা ঝুলিয়ে জেলা আওয়ামী লীগের নেতাদের কাজী জাফরউল্যাহ গাড়িবহর নিয়ে ভাঙ্গায় আনিয়েছেন বলে মন্তব্য করেন মজিবুর রহমান। তিনি বলেন, ‘ফরিদপুর থেকে ৪০টি মাইক্রোবাসের বহর এসেছে। জাফরউল্যাহ তাঁদের নাকি পদ দেবেন। অথচ ওনার নিজেরই কোনো ক্ষমতা নেই।’ নিজের সমর্থকদের উদ্দেশে সাংসদ বলেন, ‘আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন। আপনাদের কেউ ধমক দিয়ে, কেউ চোখ রাঙিয়ে কথা বললে তার পাল্টা জবাব দেবেন। একবার ধমক দিলে আপনারা ১০টা ধমক দেবেন, একবার চোখ রাঙালে ১০ বার চোখ রাঙাবেন।’

শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকা থেকে ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়ার বাড়িতে আসেন মজিবুর রহমান চৌধুরী। বেলা ১১টার দিকে তিনি ভাঙ্গা উপজেলা সদরে আসেন। দুপুর ১২টার দিকে তিনি যুবলীগের কার্যালয় উদ্বোধন করেন। ১টার দিকে ভাঙ্গা সরকারি পাইলট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন। বেলা তিনটার দিকে তিনি ঢাকার উদ্দেশে ভাঙ্গা ত্যাগ করেন।

দীর্ঘদিন পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সাবেক সাংসদ কাজী জাফরউল্যাহ নিজ সংসদীয় আসন ভাঙ্গায় আসেন গত বুধবার। ওই দিন সন্ধ্যায় ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমবেত নেতা-কর্মী ও জনতার উদ্দেশে বক্তব্য দেন তিনি। সভায় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেদায়েতউল্লাহ সাকলাইন, সাধারণ সম্পাদক ফাইজুর রহমান ও কেন্দ্রীয় যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান সাহাদাত হোসেন বক্তব্য দেন।

এই তিনজন কাজী জাফরউল্যাহর প্রতি সমর্থন বাদ দিয়ে সাংসদ মজিবুর রহমানের পক্ষে যোগ দিয়েছিলেন। এক মাসের ব্যবধানে আবার তাঁরা কাজী জাফরউল্যাহর কাতারে এসে যোগ দেন। এত দিন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে সাংসদ মজিবুর রহমান চৌধুরীর ছবি সাঁটানো ছিল। বুধবার সাংসদ মজিবুরের ছবি নামিয়ে সেখানে কাজী জাফরউল্ল্যাহর ছবি টাঙানো হয়। এক বছর আগে সাংসদ মজিবুরপন্থীরা একই কায়দায় কাজী জাফরউল্যাহর ছবি সরিয়ে দিয়েছিলেন।

বুধবার সকাল নয়টার দিকে কাজী জাফরউল্যাহ শিমুলিয়া ঘাটে এসে পৌঁছালে দুই শতাধিক গাড়ির বহর নিয়ে তাঁর সমর্থক ও নেতা-কর্মীকে তাঁকে স্বাগত জানান। পরে তাঁরা কাজী জাফরউল্যাহ সঙ্গে কাউলীবেড়ায় তাঁর বাড়িতে যান। ওই গাড়িবহরে জেলা আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ছিলেন। তাঁরা ফরিদপুর থেকে বহর নিয়ে যোগ দিয়েছিলেন।

কাউলীবেড়ার নিজ বাড়িতে পৌঁছে কাজী জাফরউল্যাহ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসানসহ দলীয় অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে কাজী জাফরউল্যাহ বলেন, জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। ১৬ এপ্রিল ফরিদপুরে কাউন্সিল সামনে রেখে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এরপর প্রতিটি উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ নির্বাচনে একসময় ফরিদপুর-৪ আসনটি কাজী জাফরউল্যাহ, তাঁর স্ত্রী ও চাচার নিয়ন্ত্রণে ছিল। ২০১৪ সালে ওই আসনে কাজী জাফরউল্যাহকে হারিয়ে মাদারীপুরের শিবচরের দত্তপাড়া এলাকার বাসিন্দা মজিবুর রহমান চৌধুরী সাংসদ নির্বাচিত হন। এর পর থেকে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কাজী জাফরউল্যাহপন্থী ও মজিবুর রহমান চৌধুরীপন্থী দুই ভাগে বিভক্ত হয়। ২০১৮ সালেও দ্বিতীয়বারের মতো কাজী জাফরউল্যাহকে হারিয়ে সাংসদ নির্বাচিত হন মজিবুর রহমান চৌধুরী।