রাতের আঁধারে জব্দ করা কার্গোটি মালিককে হস্তান্তর, কিছুই জানেন না বাদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লঞ্চডুবির ঘটনায় জব্দ করা কার্গো জাহাজ ‘এমভি রুপসী-৯’। সম্প্রতি নারায়ণগঞ্জের কেন্দ্রীয় খেয়াঘাট এলাকা থেকে তোলা
ছবি: দিনার মাহমুদ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পেছন থেকে ধাক্কা দিয়ে যাত্রীবাহী লঞ্চ ‘এম এল আফসার উদ্দিন’ডুবিতে ১০ জনের প্রাণহানির ঘটনায় জব্দ করা ‘এমভি রুপসী-৯’ নামের কার্গো জাহাজটি  রাতের আঁধারে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার বাদী এ বিষয়ে কিছুই জানেন না।

গতকাল শুক্রবার রাতে শহরের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় নৌ থানার সামনে থেকে কার্গো জাহাজটি মালিকের কাছে হস্তান্তর করে নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ। দুর্ঘটনার পর থেকে গত ৪১ দিন জাহাজটি নৌ পুলিশের কাছে জব্দ ছিল।

আরও পড়ুন

এদিকে লঞ্চডুবির ঘটনায় এখনো তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়নি মামলার তদন্তকারী সংস্থা সদর নৌ পুলিশ। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগেই কার্গো জাহাজটি মালিকের জিম্মায় দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও লঞ্চ মালিকদের সংগঠনের নেতারা।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, মুচলেকার মাধ্যমে জব্দ করা কার্গো জাহাজটি মালিকের কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছিলেন আদালত। সেই অনুযায়ী গতকাল রাতে কার্গো জাহাজটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তের বিষয়ে তিনি বলেন, মামলার তদন্ত চলমান। কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

আরও পড়ুন
আরও পড়ুন

মামলার তদন্তকারী কর্মকর্তা নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) ফোরকান মিয়া প্রথম আলোকে বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী, লঞ্চের বেঁচে যাওয়া যাত্রীসহ বেশ কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। বিআইডব্লিউটিএসহ কয়েকটি সংস্থার কাছে কিছু কাগজপত্র চেয়ে চিঠি দেওয়া হয়েছে। সেগুলো এখনো পাওয়া যায়নি। কাগজপত্রগুলো পেলে শিগগিরই অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ যাত্রী পরিবহন সংস্থার নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি বদিউজ্জামান বাদল প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত লঞ্চ মালিকের মামলা নেয়নি পুলিশ। মামলা করেছে বিআইডব্লিউটিএ। তারা কী মামলা করেছে, তা–ও তাঁরা জানেন না। প্রতিবেদন দেওয়ার আগে কার্গো জাহাজটি মালিকের জিম্মায় দেওয়ায় সুষ্ঠু তদন্ত ও বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন
আরও পড়ুন

বদিউজ্জামান বাদল আরও বলেন, ‘দুটি ঘটনায় পেছন থেকে ধাক্কা দিয়ে আমাদের দুটি লঞ্চ ডুবিয়ে দেওয়া হলো। কিন্তু আমরা লঞ্চ মালিকেরা কোনো ক্ষতিপূরণ পেলাম না। অথচ লঞ্চ কোনো কার্গো জাহাজকে ধাক্কা দেয়নি। বেপরোয়া চালিয়ে ধাক্কা দিয়ে লঞ্চটি ডুবিয়ে দেওয়া হয়েছে।’

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) বাবু লাল বৈদ্য প্রথম আলোকে বলেন, ‘আমি দুই দিন আগে কার্গো জাহাজটি ঘাটে বাঁধা দেখেছি।’ কার্গো জাহাজটি মালিকের জিম্মায় দেওয়ার বিষয়টি বাদী হিসেবে তিনি কিছুই জানেন না। তাঁকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।

আরও পড়ুন
আরও পড়ুন

প্রসঙ্গত, গত ২০ মার্চ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো রূপসী-৯-এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এম এল আফসার উদ্দিন অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়। মুন্সিগঞ্জের হোসেনদি এলাকা থেকে কার্গো জাহাজ রূপসী-৯ জব্দ করে নৌ পুলিশ। এ ঘটনায় কার্গো জাহাজের মাস্টারসহ আটজনকে আটক করা হয়।