রাতের মধ্যে বর্জ্য অপসারণে সচেষ্ট ছিল সিটি করপোরেশন
চট্টগ্রাম নগরের অধিকাংশ স্থান থেকে গতকাল সোমবার রাতের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে সচেষ্ট ছিলেন সিটি করপোরেশনের কর্মীরা। প্রায় তিন হাজার পরিচ্ছন্নতাকর্মী এ কাজে অংশ নিয়েছেন। তাঁরা গতকাল সকাল থেকে নগরের বিভিন্ন অলিগলিতে গিয়ে ময়লা-আবর্জনা অপসারণ করেন। আজ সকালেও অপসারণের কাজ অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে নয়টা থেকে নগরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে কোরবানির পশুর ময়লা-আবর্জনা অপসারণের কাজ শুরু করেন কর্মীরা। বিকেল পর্যন্ত তা অব্যাহত ছিল। কোনো কোনো এলাকায় রাতেও ময়লা-আবর্জনা পরিষ্কার করেন পরিচ্ছন্নতাকর্মীরা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী জানান, গত রাতের মধ্যেই সিটি করপোরেশনের কর্মীরা কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করে ফেলেছেন। নগরের ৪১টি ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে বর্জ্য পরিষ্কার করেন। কোনো কোনো এলাকায় আজও বর্জ্য অপসারণ করা হচ্ছে।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, কয়েকটি ডাস্টবিনে রাতে নতুন করে ময়লা ফেলা হয়। বিশেষ করে সন্ধ্যার পর কোরবানি দেওয়া পশুর বর্জ্য এসব ডাস্টবিনে ফেলেন বাসিন্দারা।
এ দিকে নগরের চকবাজার, কাপাসগোলাসহ কয়েকটি এলাকায় গত রাতে বর্জ্য অপসারণ করা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। এ বিষয়ে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী দাবি করেন, আজ সকালে মধ্যে এসব ময়লা পরিষ্কার করা হয়েছে।