রানওয়ের লাইট বিকল থাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দিবাগত রাত দুইটা পর্যন্ত সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অন্ধকারে ছিল। এতে অভ্যন্তরীণ দুটি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পুরোপুরি অন্ধকারে ছিল রানওয়ে। রাত ১০টার পর কিছু রানওয়ের কিছু লাইট সচল হয়। এরপর রাত দুইটার দিকে রানওয়ের সব কটি লাইট সচল হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে হঠাৎ করে এ পরিস্থিতির তৈরি হয়েছিল। আজ বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে রানওয়ের অবস্থান শনাক্ত করার জন্য লাইট জ্বালানো হয়। সন্ধ্যার আগে লাইট সচল আছে কি না, বিষয়টি প্রতিদিন পরীক্ষা করে দেখা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় লাইট না জ্বলায় বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাৎক্ষণিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে জানান। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই রাতে সিলেটে বিমানবন্দরের নির্ধারিত দুটি ফ্লাইট বাতিল করেছে।
এ কারণে গতকাল রাতে নভোএয়ার ও ইউএস-বাংলার দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। দুটি সংস্থার স্থানীয় দুজন কর্মকর্তা বলেছেন, সিলেট বিমানবন্দরে সমস্যা থাকায় ঢাকা থেকে নভোএয়ার একটি ফ্লাইট নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি।
জানতে চাইলে বিমানবন্দর ব্যবস্থাপক হাফিজ আহমদ আজ শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যার পর শর্টসার্কিটের কারণে বিমানবন্দরের রানওয়ের লাইটগুলো নিভে যায়। সাধারণত এ ধরনের ঘটনা ঘটে না। এরপর আমরা তাৎক্ষণিক সেগুলো মেরামতের উদ্যোগ নিই। রাত ১০টার দিকে কিছু লাইট সচল করা হয়। এরপরও আমরা রিস্ক নিইনি। রানওয়ের লাইটগুলো পুরোপুরি সচল না হওয়ায় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকা থেকে সিলেটগামী রভো ও রাত ৮টা ২০ মিনিটে সিলেট থেকে ঢাকাগামী অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়। সকাল থেকে এই বিমানবন্দর দিয়ে বিমান চলাচল স্বাভাবিক হয়।’