সাভারের রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত বঞ্চিত ব্যক্তিদের খুঁজছে সরকার। ওই দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের কেউ এখনো ক্ষতিপূরণ না পেয়ে থাকলে সরকার তাঁদের সহায়তা দেবে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ কথা বলেছে মন্ত্রণালয়।
বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি মন্নুজান সুফিয়ান সাংবাদিকদের বলেন, রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় বলেছে, এখনো যদি কোনো ক্ষতিগ্রস্ত শ্রমিক ক্ষতিপূরণ পেয়ে না থাকেন, তবে যথাযথ প্রমাণ সাপেক্ষে তাঁকে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তাঁদের আর্থিক ও অন্যান্য সহায়তা দেবে। মন্ত্রণালয়ও খুঁজে দেখছে, বঞ্চিত কেউ আছেন কি না।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, রানা প্লাজা ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২২ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার ৭২০ টাকা, ইন্টারন্যাশনাল ট্রাস্ট ফান্ড থেকে ২৯ কোটি ৩৯ লাখ ৬০ হাজার ৮৭২, প্রাইমার্ক থেকে ১০১ কোটি ৩২ লাখ ২৯ হাজার ৪৬১, বিজিএমইএ থেকে ১৩ কোটি ৭৯ লাখ ৮০ হাজার, ঢাকার জেলা প্রশাসনসহ অন্যান্য জেলা প্রশাসন থেকে ২ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৯৩৯, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে ২৫ লাখ, ঢাকার পুলিশ সুপারের কাছ থেকে ২৭ লাখ ৩ হাজার টাকা অনুদান পাওয়া গেছে। এ ছাড়া সাভার সেনানিবাসের ব্যয় ১ কোটি ২১ লাখ ৩৬ হাজার ৯৬২ টাকা, বিভিন্ন এনজিওর মাধ্যমে ১৬ কোটি ৯০ লাখ ২৪ হাজার ৭৮২, আঞ্জুমান মুফিদুল ইসলামের ৫ লাখ ৫ হাজার ২৮৮ এবং আওয়ামী লীগের দলীয়ভাবে ৬৭ লাখ ২৩ হাজার ৮০০ টাকা ব্যয় হয়েছে।