রানা প্লাজার আহত শ্রমিকদের ছয় দফা দাবিতে বিক্ষোভ
সাভারে রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের পুনর্বাসন এবং এ ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন আহত শ্রমিকেরা। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ‘সাভার রানা প্লাজা সারভাইভারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’–এর উদ্যোগে সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আহত শ্রমিক নিলুফার ইয়াসমিন বলেন, ‘২০১৩ সালে রানা প্লাজা ধসের ঘটনায় আহত হয়ে আমি পঙ্গু হয়ে মানবেতর জীবন যাপন করছি। অসুস্থতার কারণে আমার স্বামী আমায় ছেড়ে চলে গেছে। বাধ্য হয়ে অল্পবয়সী ছেলেকে কাজে পাঠিয়েছি। আমার মতো হাজারো শ্রমিক এখন মানবেতর জীবন যাপন করছেন।’
সাভার রানা প্লাজা সারভাইভারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও রানা প্লাজায় আহত শ্রমিক মাহমুদুল হাসান বলেন, রানা প্লাজা ধসের ঘটনায় ১ হাজার ১৩৬ জন সহকর্মী মারা গেছেন। আরও কয়েক হাজার শ্রমিক এ ঘটনায় আহত হয়েছেন। ঘটনার পরপরই শ্রমিকদের স্বার্থে সরকারের কাছে বিভিন্ন দাবি জানানো হয়েছিল। দীর্ঘদিন পার হয়ে গেলেও হলেও শ্রমিকদের ন্যায্য দাবিগুলো পূরণ হয়নি। দ্রুত এসব দাবি পূরণের জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।
আজ সকালে এ বিক্ষোভ সমাবেশে শ্রমিকদের পক্ষ থেকে ছয় দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের এক জীবনের ক্ষতিপূরণ, শ্রমিকদের পুনর্বাসন, আহত শ্রমিকদের আজীবন চিকিৎসার ব্যবস্থা, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, দোষীদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা ও ২৪ এপ্রিলকে শ্রমিক হত্যাকাণ্ড দিবস ঘোষণা করা।