রানার পড়াশোনার খরচের দায়িত্ব নিলেন উপজেলা চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহ্গীর আলম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রানা মিয়ার হাতে পড়াশোনার খরচ বাবদ নগদ ২৫ হাজার টাকা তুলে দেন
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রানা মিয়ার দিকে সহায়তার হাত বাড়িয়ে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। জেলা প্রশাসনের সার্বিক সমন্বয় ও ব্যবস্থাপনায় রানার পড়াশোনার খরচ জোগাবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান।

রোববার দুপুর দেড়টার দিকে নিজ কার্যালয়ে জেলা প্রশাসক মো. শাহ্গীর আলম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান রানার হাতে পড়াশোনার খরচ বাবদ প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা তুলে দেন। স্নাতক প্রথম বর্ষ থেকে স্নাতকোত্তর পর্যন্ত বছরে দুই কিস্তিতে ৫০ হাজার টাকা দেওয়া হবে তাঁকে।

রানা মিয়াদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের বেলানগর গ্রামে। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র রানা। শাহজালাল হলে উঠেছেন তিনি। রানার বাবা আইন উদ্দিন ও মা সুহেরা বেগম। আরও আছে দুই ভাইবোন। আইন উদ্দিন কৃষিকাজ করেন। সংসারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা থাকায় অনেক কষ্ট করে লেখাপড়া করেছেন। নানা বাধা পেরিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া এই যুবকের জীবনসংগ্রাম নিয়ে ৫ ফেব্রুয়ারি প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘তবে কি বিশ্ববিদ্যালয়ে পড়া হবে না রানার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি জেলা প্রশাসকের নজরে এলে তিনি রানা মিয়ার পড়াশোনার খরচ চালানোর উদ্যোগ নেন।

রোববার দুপুরে নিজ কার্যালয়ে রানা মিয়াকে ডেকে নিয়ে যান জেলা প্রশাসক শাহ্গীর আলম। এ সময় তিনি রানার পড়াশোনা ও পরিবারের বিষয়ে খোঁজ নেন। তিনি রানার পড়াশোনার বিষয়ে দিকনির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ামিন হোসেন, সাংবাদিক মাসুক হৃদয়, শফিকুল ইসলাম, আবুল হাসনাত, আজিজুল আলম, মাইনুদ্দিন রুবেল, মাজহারুল করিম ও শাহাদৎ হোসেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. শাহ্গীর আলম প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসনে সার্বিক সমন্বয় ও ব্যবস্থাপনায় রানাকে স্নাতক থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা পর্যন্ত প্রতি ছয় মাস পরপর ২৫ হাজার টাকা করে দেবেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান। আশা করি এতে তাঁর খাতা-বই কেনাসহ পড়ার খরচ হয়ে যাবে। তবে রানাকে অবশ্যই ভালো ফল করার শর্ত দেওয়া হয়েছে।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান বলেন, ‘জেলা প্রশাসক স্যারের কথামতো ও ব্যবস্থাপনায় রানার পড়াশোনার খরচ চালানোর দায়িত্ব আমি নিয়েছি। জেলা প্রশাসন এটি সমন্বয় করবেন।’

রানা মিয়া প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পড়াশোনার খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। অবশেষে জেলা প্রশাসক ও সদর উপজেলার পরিষদের চেয়ারম্যানের আশ্বাসে সেই দুশ্চিন্তা দূর হয়েছে। এসবই হয়েছে প্রথম আলোর জন্য। প্রথম আলো, জেলা প্রশাসক, সদর ইউএনও ও চেয়ারম্যান স্যারের প্রতি আমি চিরকৃতজ্ঞ।’