রানিং স্টাফদের ধর্মঘটে আখাউড়া ও আজমপুরে আটকা পড়েছিল চারটি ট্রেন, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। বুধবার ভোর থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন চালকেরা। ট্রেন চলাচল বন্ধ রাখায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও আজমপুর রেলস্টেশনে চারটি ট্রেন আটকা পড়ে রয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্টেশনে শত শত যাত্রী অপেক্ষা করছে। এতে বিপাকে পড়েছে তারা।

জানা গেছে, ভোর পাঁচটায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন ছেড়ে যাওয়ার কথা। আবার সকাল নয়টায় ঢাকা থেকে ছেড়ে দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এ ট্রেনের আসার কথা ছিল। কিন্তু ট্রেন চলাচল বন্ধ থাকায় অগ্রিম টিকিট কেটে রাখা যাত্রীরা বিপাকে পড়েছেন। কারণ, রানিং স্টাফদের আন্দোলনের জন্য সকালে ট্রেন আখাউড়া থেকে ছেড়ে যায়নি।

মঙ্গলবার রাতে চালক ও গার্ডদের সংগঠন ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তিতাস কমিউটার ট্রেন আখাউড়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকারী ট্রেন তিতাস কমিউটার ট্রেনকে উদ্ধার করে। কিন্তু আন্দোলনের কারণে ট্রেন ছেড়ে যায়নি।

শম্পা আক্তার নামের এক যাত্রী বলেন, ‘জরুরি প্রয়োজনে ঢাকা যাব বলে দুপুরের তিতাস কমিউটার ট্রেনের টিকে কেটে রেখেছি। কিন্তু আন্দোলনের জন্য ট্রেন চলাচল বন্ধ। এখন বাস ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কিন্তু রাস্তার যে যানজট। কী কবর, বুঝতে পারছি না।’


একজন চালক জানান, দেড় শ বছর আগে থেকেই মাইনেজ বিল দেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয় এতে অসম্মতি জানানোয় আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। প্রায় দুই বছর ধরে এ নিয়ে আন্দোলন চলছে।

আখাউড়ার লোকোশেড ইনচার্জ মো. দেলোয়ার হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে সহকারী মাস্টার মো. শাকির জানান, আন্দোলনের কারণে আখাউড়া ও আজমপুর স্টেশনে চারটি ট্রেন আটকা পড়েছে। এর মধ্যে আখাউড়ায় তিতাস কমিউটার ও দুটি মালবাহী ট্রেন, আজমপুর রেলস্টেশনে সুরমা মেইল ট্রেন আটকা পড়ে রয়েছে।
পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ বুধবার সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিলেন রানিং স্টাফরা। রেলমন্ত্রীর সঙ্গে আলোচনার পর দুপুর সাড়ে ১২টার দিকে এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।