রানীনগরে আগুনে পুড়ল ৮টি ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগরের শলিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি
ছবি: প্রথম আলো

নওগাঁর রানীনগর উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির আটটি মাটির ঘর ও ঘরের জিনিসপত্র পুড়ে গেছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গ্রামের দিনমজুর মোকলেছার রহমানের বাড়িতে আগুন লাগে। আগুন দ্রুত পাশের সেলিম হোসেন ও মসজিদের মোয়াজ্জিন হোসেনের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রানীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে তিনটি বাড়ির আটটি ঘর ও ঘরগুলোর জিনিসপত্র পুড়ে যায়।

মোকলেছার রহমান বলেন, তাঁর প্রবাসী ছেলের পাঠানো প্রায় দেড় লাখ টাকা ঘরে ছিল। আগুনে সেই টাকা পুড়ে গেছে। তিনটি বাড়ির প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার জন্য পদক্ষেপ নেওয়া হবে।