রানীনগরে ট্রাক্টর উল্টে প্রাণ হারালেন বৃদ্ধ, আহত ২
নওগাঁর রানীনগরে রডবোঝাই একটি ট্রাক্টর উল্টে রাস্তার পাশের খাদে পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের বড়বড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মসলেম উদ্দীন (৬২)। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার প্রান্নাথপুর গ্রামের বাসিন্দা ও ঠিকাদারের ব্যবস্থাপক ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় ওই ট্রাক্টরের চালক ও সহযোগী আহত হয়েছেন।
নিহত মসলেমের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে সান্তাহার থেকে ট্রাক্টর বোঝাই করে রড নিয়ে মসলেম উদ্দীন নাটোরে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের বড়বড়িয়া এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশের খাদে পড়ে যায় ট্রাক্টরটি।
খবর পেয়ে রানীনগর থানা–পুলিশ ও আত্রাই ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে ট্রাক্টরের নিচ থেকে মৃত অবস্থায় মসলেম উদ্দীনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালক ও সহযোগীকে আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জানতে চাইলে রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন আকন্দ বলেন, মসলেম উদ্দীন ঘটনাস্থলেই মারা গেছেন। তাঁর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।