রানীনগরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
নওগাঁর রানীনগর উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শিশুটির বাবা বাদী হয়ে সোহেল রানা (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ মামলা করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার কাশিমপুর ইউনিয়নের বাসিন্দা সোহেল রানা গত মঙ্গলবার দুপুরে ওই স্কুলছাত্রীকে কৌশলে তাঁর বাড়িতে নিয়ে যান। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। ঘটনার পর শিশুটি বাড়িতে এসে তার মাকে বিষয়টি জানায়। এরপর প্রায় তিন দিন স্থানীয় গ্রাম্য মাতবরেরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু সমাধান না হওয়ায় ওই স্কুলছাত্রীর বাবা সোহেল রানাকে আসামি করে থানায় ধর্ষণের মামলা করেন। মামলার পর শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে সোহেল রানা পলাতক।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য ইতিমধ্যেই একটি দল মাঠে আছে। শিগগিরই তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।