রানীনগরে ৪ ব্যবসায়ীর টাকা ছিনতাই
নওগাঁর রানীনগর উপজেলায় রাস্তা অবরোধ করে ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে চার ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই করেছে কয়েকজন ছিনতাইকারী। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার গুয়াতা-কালীগ্রাম রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের মারধরে তিন ব্যবসায়ী আহত হয়েছেন।
আহত কয়েকজন ব্যবসায়ী সূত্রে জানা যায়, উপজেলার ভাটকৈ গ্রামের কাঁচামাল ব্যবসায়ী বাবলু প্রামাণিক, কবির হোসেন ও বিমান আলী আজ ভোরে কাঁচা মালামাল কেনার জন্য ভটভটিযোগে তিলকপুর হাটে যাওয়ার জন্য রওনা দেন। তাঁরা গুয়াতা-কালীগ্রাম রাস্তার মাঝামাঝি পৌঁছালে পাঁচ-ছয়জন মুখোশধারী তাঁদের গাড়িটি অবরোধ করে। পরে মুখোশধারীরা গাড়িতে থাকা ব্যবসায়ীদের দেশীয় অস্ত্র হাঁসুয়া, কাটারি ও হাতুড়ি ঠেকিয়ে তাঁদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ও মুঠোফোন ছিনতাই করে নেয়।
মুখোশধারী ছিনতাইকারীরা তিন ব্যবসায়ীকে ও ভটভটিচালককে বেধম মারধর করেন। কাঁচামাল ব্যবসায়ী ভাটকৈ গ্রামের বাবলু জানান, ‘মুখোশধারীরা আমাদের দেশীয় অস্ত্র ঠেকিয়ে আমার কাছে থাকা সাড়ে ৭ হাজার টাকা, কবিরের কাছ থাকা প্রায় ৯ হাজার টাকা, বিমানের কাছ থাকা ৮ হাজার টাকা ও সবার মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা আমাদের বেদম মারধর করে। ঘটনাটি রানীনগর পুলিশকে জানানো হয়েছে।’
রানীনগর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, ঘটনাটি জানার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।