রান্নাঘরের সীমানা নিয়ে কলহ, ছুরিকাঘাতে নারী নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রান্নাঘরের সীমানা নিয়ে দুই ভাইয়ের কলহের জেরে হামলায় এক ভাইয়ের শাশুড়ি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই নারীর নাম হালিমা বেগম (৫৫)।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গোপালদী পৌরসভার ভিটি কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হালিমা ওই গ্রামের আবদুল করিমের স্ত্রী। এ ঘটনায় আবদুল করিম আহত হয়েছেন।
আড়াইহাজার গোপালদী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সফিউদ্দিন ও স্থানীয় লোকজন জানান, নিহত হালিমার মেয়ের সঙ্গে একই গ্রামের সুলতান মিয়ার ছেলে হাসান আলীর বিয়ে হয়। আজ সকালে হাসান আলী ও তাঁর ভাই ইমাম আলীর মধ্যে রান্নাঘরের সীমানা নিয়ে ঝগড়া শুরু হয়। ঝগড়ার খবর শুনে হালিমা ও আবদুল করিম মেয়ের বাড়িতে যান। একপর্যায়ে তাঁরাও ঝগড়ায় জড়িয়ে পড়েন। ঝগড়ার একপর্যায়ে ইমাম আলী তাঁর হাতে থাকা ছুরি দিয়ে হালিমার গলায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
এ সময় পরিরারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আনিচুর রহমান মোল্লা জানান, নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আজ বিকেল চারটা পর্যন্ত কোনো মামলা হয়নি।