রাবির নতুন কোষাধ্যক্ষ অবাইদুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. অবাইদুর রহমান প্রামাণিক। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক। গতকাল মঙ্গলবার উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মো. অবাইদুর রহমান প্রামাণিককে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (কোষাধ্যক্ষ) পদে নিয়োগ করা হলো।
তাঁর নিয়োগের শর্তগুলোর মধ্যে আছে—কোষাধ্যক্ষ হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি ও আইন মোতাবেক নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।