‘রাবিশ’ দিয়ে সড়ক সংস্কার, অভিযোগের পর কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কারের জন্য সড়কে ফেলা হয়েছে মাটি। এর মধ্যে কাজ বন্ধ করে দেয় প্রশাসন। গত মঙ্গলবার বাগমারার কামারপাড়া-হাটগাঙ্গোপাড়া সড়কে
প্রথম আলো

বালু ও খোয়ার সঙ্গে ময়লা ও মাটি মিশিয়ে রাজশাহীর বাগমারার একটি সড়ক সংস্কারের অভিযোগ ওঠার পর গতকাল বুধবার কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) খলিলুর রহমান গতকাল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চার কিলোমিটার সড়কটি উপজেলার কামারপাড়া থেকে হাটগাঙ্গোপাড়া পর্যন্ত। খলিলুর রহমান বলেন, সড়কের সংস্কারকাজের অনিয়মের অভিযোগ তিনি পেয়েছেন। কাজটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। তবে একেবারে ‘রাবিশ’ বা ময়লা–আবর্জনা নয়, ওটা সড়কের পুরোনো বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে, যা দরপত্রে উল্লেখ রয়েছে। ভবন ও তালগাছ রক্ষায় সড়কের নকশা না মেনে ছয় ফুট কম চওড়ার অনিয়মের বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার সকালে এই সড়কে আবর্জনা ব্যবহার করে সংস্কার হচ্ছে, এমন অভিযোগ তোলেন স্থানীয় ব্যক্তিরা। তাঁরা এই অনিয়মের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রতিকার চান। সড়কটিতে নকশা না মেনে সংস্কারকাজ করারও অভিযোগ আছে।

উপজেলা প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা যায়, কামারপাড়া থেকে হাটগাঙ্গোপাড়া পর্যন্ত চার কিলোমিটার সড়কের সংস্কারকাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে অংশ নিয়ে মেসার্স লিটন অ্যান্ড মামুন ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। তবে কাজটি রাজশাহী শহরের আবু সালেহ শুরু করেন। তিনি কাজটি মূল ঠিকাদারের কাছ থেকে কিনে নিয়েছেন। আবু সালেহ জেলা যুবলীগের সভাপতি।

গত বছরের জুন মাসে কাজের মেয়াদ শেষ হলেও, পরে আবেদন করে সময় বাড়ানো হয় গত বছরের শেষ পর্যন্ত। এর মধ্যেই হাটগাঙ্গোপাড়া তেঁতুলতলায় দুটি ভবন রক্ষায় নকশা না মেনে সড়কটি ছয় ফুট কম চওড়া করার অভিযোগ ওঠে।

এলাকাবাসীর অভিযোগ, সড়কের সাববেজ কাজে অনিয়ম করা হচ্ছে। রাত ও দিনের বেলায় বালুর পরিবর্তে মাটির সঙ্গে ইটের গুঁড়া (খোয়া) ও ‘রাবিশ’ মিশিয়ে ফেলা হচ্ছে। ইটের খোয়াও মেশানো হচ্ছে নামমাত্র। দরপত্র অনুসারে অর্ধেক পরিমাণ বালু ও ইটের খোয়া মেশানোর কথা।

স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, গত সোমবার রাতে সড়কে সাববেজ কাজে বালু ও ইটের খোয়ার পরিবর্তে মাটি মেশানো হয়। রাতে কিছু আবর্জনাও ফেলা হয় সাববেজে। সকালে স্থানীয় লোকজন তা দেখতে পেয়ে প্রতিবাদ জানালেও কাজ বন্ধ হয়নি। মঙ্গলবার বিকেলে মাটি মেশানোর ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন স্থানীয় ব্যক্তিরা।

মঙ্গলবার বিকেলে সরেজমিন সড়কের পাশে মাটি ফেলা অবস্থায় দেখা যায়। মাটির সঙ্গে গাছের ছোট ছোট মূল। এগুলোতে ইটের খোয়া মিশিয়ে সাববেজ করার জন্য রাখা হয়েছে। এ ছাড়া তেঁতুলতলায় ভবন রক্ষায় নকশা এড়িয়ে ছয় ফুট চওড়া কমিয়ে সাববেজ করার দৃশ্য চোখে পড়ে।

এ বিষয়ে ঠিকাদারের প্রতিনিধি সুমন হোসেনের কাছে কাজে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান। পরে বাগমারা উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।