রামগঞ্জে কোটি টাকার দরপত্রে সমঝোতা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকার দরপত্রের কাজ কিছু ঠিকাদার সমঝোতা করে নিয়েছেন। আওয়ামী লীগের নেতা ও উপজেলা চেয়ারম্যান এবং একজন কাউন্সিলর কাজগুলো ভাগ-বাঁটোয়ারা করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সাধারণ ঠিকাদারদের অভিযোগ, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন ও রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর দেলোয়ার হোসেনের নেতৃত্বে সমঝোতা হয়েছে। চেয়ারম্যান ও কাউন্সিলর এখান থেকে ১৫ থেকে ২০ শতাংশ টাকা পেয়েছেন। গত বুধ ও বৃহস্পতিবার সমঝোতা করে দরপত্র জমা দেওয়া হয়।

তবে আ ক ম রুহুল আমিন দাবি করেন, ‘ঠিকাদারেরা নিজেরা বসে সমঝোতা করেছেন। এতে আমি বা আওয়ামী লীগের কেউ ছিল না। ১৫-২০ শতাংশ টাকা নিয়ে কাজ দেওয়ার অভিযোগ সঠিক নয়।’

আর কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), থোক বরাদ্দের আওতায় ১৯টি প্যাকেজে নলকূপ স্থাপন, সীমানাপ্রাচীর, শৌচাগার নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের প্রায় ১ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয় ৩ মে। গত বুধবার ছিল দরপত্র বিক্রির শেষ দিন এবং জমা দেওয়ার শেষ সময় ছিল ১৮ মে বেলা ১টায়।

এর আগে ৫টি সরকারি বাসভবন সংস্কারের জন্য প্রায় ২০ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। দরপত্র বিক্রির শেষ দিন ১৬ মে ও জমার শেষ সময় ছিল গত বুধবার বেলা ১টা পর্যন্ত।

ঠিকাদারদের ভাষ্যমতে, একটি কাজের জন্য কমপক্ষে ৩টি দরপত্র দাখিলের নিয়ম রয়েছে। আর সে জন্য ১৯টি প্যাকেজে মাত্র ৩টি করেই দরপত্র জমা পড়ে। তাঁদের অভিযোগ, ১৫ থেকে ২০ শতাংশ টাকা দিয়ে সমঝোতার মাধ্যমেই ঠিকাদারেরা এসব দরপত্র জমা দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অনুপম কুমার বড়ুয়া বলেন, ‘শতাধিক শিডিউল বিক্রি হয়েছে। সমঝোতার বিষয়টি জানা নেই। আগামী রোববার বা সোমবার দরপত্র মূল্যায়ন কমিটির সভা হবে। ওই সময় বিষয়টি নিয়ে আলোচনা করব।’

ইউএনও মোহাম্মদ আবু ইউছুফ বলেন, ‘ভাগ-বাঁটোয়ারা হয়েছে কি না, সেটা আমার জানা নেই। আর টেন্ডার নিয়ন্ত্রণের বিষয়ে কেউ অভিযোগ করেনি।’