রামদায় শাণ দেওয়া সেই কর্মীকে কোপাল প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীকে কটূক্তির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে আহত করেছেন প্রতিপক্ষের নেতা-কর্মীরা। গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রলীগের কর্মী মোফাজ্জল হায়দার ওরফে টাইগার মোফা চারুকলা ইনস্টিটিউটের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০১৫ সালের ২ নভেম্বর ভর্তি পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের সংঘর্ষের ঘটনার পর মোফাজ্জল হায়দারের রামদায় শাণ দেওয়ার একটি ছবি প্রথম আলোয় প্রকাশিত হয়। পরে এ ঘটনায় তাঁকে এক বছরের জন্য বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসক আবেদ প্রথম আলোকে বলেন, মোফাজ্জলের দুই হাতে, বাঁ পায়ের পেছনে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মোফাজ্জলকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে এখনো তাঁকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী হিসেবে পরিচিত ইরফাতুল আলম ওরফে পিটু সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীকে কটূক্তি করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এ খবর ছড়িয়ে পড়লে শুক্রবার রাতেই সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকাদ্দেস মিয়া সামান্য আহত হন। গতকাল বিকেলে শাহজালাল হলের সামনে একটি দোকানে বসে ছিলেন মোফাজ্জল হায়দার। এ সময় তাঁকে কুপিয়ে জখম করেন সাধারণ সম্পাদক পক্ষের চার-পাঁচজন কর্মী। এ ঘটনার পরপরই সভাপতি পক্ষ শাহজালাল হলে ও সাধারণ সম্পাদক পক্ষ শাহ আমানত হলের সামনে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকাদ্দেস মিয়া বলেন, ‘ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে আহত করেছে আরেক পক্ষের কর্মীরা। আমরা ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের আহত ওই কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। এখন পরিস্থিতি শান্ত। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, ‘কোনো কারণ ছাড়াই মোফাজ্জলকে কুপিয়ে জখম করে সাধারণ সম্পাদকের কর্মীরা। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগকে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে না।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন বলেন, ‘ফেসবুকে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ২০১৫ সালের ২ নভেম্বর অস্ত্রে শাণ দেওয়ার ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর মোফাজ্জলের দায় নিতে অস্বীকার করেছিলেন সভাপতি। এখন তিনি তাঁকে নিজের কর্মী বলে দাবি করছেন।