কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে পাঁচটিতে নির্বাচন হয়ে গেছে। গত ২৮ নভেম্বর হয়ে যাওয়া ওই নির্বাচনে পাঁচটিতেই জয় পেয়েছে নৌকা। আর বাকি থাকা রামদী ইউপিতে ভোট ৩১ জানুয়ারি। এই রামদীতে জয় এলেই নৌকা ছয়ে ছয়।
এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এখন রামদীতে জয়ের মাধ্যমে ষোলোকলা পূর্ণ হওয়ার অপেক্ষায় আছে। তবে ভোটারদের ধারণা, রামদীতে নৌকা জয়ের আনন্দে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা।
ইমতিয়াজ বিন মুছা উপজেলা আওয়ামী লীগ সভাপতি। নৌকার মনোনয়ন ইস্যুতে এই নেতার পছন্দ গুরুত্ব পেয়েছে। শেষ জয়টি নিশ্চিত করতে এই নেতা মাঠে সক্রিয়।
ইমতিয়াজ বিন মুছা বলেন, ‘রামদীতে জয় পেলেই নৌকার কুলিয়ারচর জয় সম্পন্ন হয়। কারণ, আগের পাঁচটি ইউপিতে জয় পেয়েছি আমরা। এর আগে হওয়া পৌরসভা ও উপজেলা পরিষদেও নৌকার জয় এসেছে। এখন রামদীতে জয় এলেই জেলার মধ্যে আমরা হতে পারি ব্যতিক্রম। সুযোগটি হাতছাড়া করতে চায় না। ৩১ জানুয়ারি রামদী জয়ের মাধ্যমে নৌকার ষোলোকলা পূর্ণ করতে আমরা এখন মরিয়া।’
রামদী ইউপিতে নৌকার প্রার্থী আলাল উদ্দিন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান। আগের নির্বাচনেও দলীয় সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছিলেন।
রামদী ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী আটজন। আটজনের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী সৌরভ আহম্মেদ। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। লড়ছেন চশমা প্রতীক নিয়ে। ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক আল মাসুদের প্রতীক ঘোড়া। তবে তিনি দলের কাছে মনোনয়ন চাননি। আল মাসুদ ভোটে শক্ত প্রতিদ্বন্দ্বী। আগের নির্বাচনে আলাল উদ্দিনের কাছে কিছু ভোটে হেরে যান তিনি।
আটজনের মধ্যে বিএনপিদলীয় পরিচয় রয়েছে, এমন প্রার্থী আছেন দুজন। দুজনের একজন হলেন উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান বেনজির আহম্মেদ। অপরজন উপজেলা বিএনপির সহসভাপতি ইসমাইল খান।
অন্যদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন রুবেল মিয়া, জসীম উদ্দিন খান ও আদিলুজ্জামান খান। তাঁদের মধ্যে রুবেল মিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনী মাঠে দুটি ইস্যু সমানভাবে গুরুত্ব পেয়ে আলোচ্য হয়ে উঠেছে। একটি হলো নৌকার ষোলো আনা জয়, বিপরীতে নৌকা ঠেকাও। এই ইস্যুতে আওয়ামী লীগের নেতারা দৃশ্যমানভাবে নৌকার প্রার্থীর পাশে রয়েছেন। বেশির ভাগ নেতা দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলীয় সভায় নেতাদের একটাই বক্তব্য, কুলিয়ারচরে নৌকার ষোলো আনা জয় নিশ্চিত করতে রামদী জয়ের বিকল্প নেই। সেটি পেতে শেষ পর্যন্ত নেতাদের সচেতন ও সক্রিয় থাকার অনুরোধ করা হচ্ছে।
বিপরীতে স্বতন্ত্র প্রার্থীদের সভা থেকে অন্তত একটি ইউপিতে যেন নৌকা ঠেকানো যায়, সেই আহ্বান জানানো হচ্ছে।
নৌকার ষোলো আনা জয় নিশ্চিত করার বিষয়ে আওয়ামী লীগের আত্মবিশ্বাসের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আল মাসুদ বলেন, আগের পাঁচটিতে আওয়ামী লীগ যেভাবে জয় পেয়েছে, একই পদ্ধতি রামদীতে ব্যবহার করা হলে কেবল তখনই কুলিয়ারচর জয়ের স্বাদ পেতে পারে। তা না হলে নৌকার চরম ভরাডুবি দেখবে সবাই।
আল মাসুদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোক্তাদির রহমানের আপন চাচাতো ভাই। মোক্তাদির চেয়েও দলীয় মনোনয়ন পাননি। মনোনয়নবঞ্চিত হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যান। তবে দলে আলোচনা আছে, আল মাসুদ মূলত মোক্তাদিরের প্রার্থী। সে কারণে দলের একটি অংশ গোপনে আল মাসুদের পক্ষে কাজ করে যাচ্ছে।
স্বতন্ত্র প্রার্থী ইসমাইল খানের ভাষ্য হলো, যত ভালো ভোট হবে, স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে নৌকার পরাজয়ের ব্যবধান তত বড় হবে। আর নৌকার কুলিয়ারচর জয়ের আশা নিরাশায় পরিণত হবে।
বেনজির আহম্মেদের বক্তব্য, নৌকা জয় পায় না, জয় পাইয়ে দেওয়া হয়।
প্রতিপক্ষ প্রার্থীর অভিযোগ বিষয়ে কথা হয় নৌকার প্রার্থী আলাল উদ্দিনের সঙ্গে। সবকিছু শুনে তাঁর মন্তব্য, ‘ভোটারদের কাছে পছন্দ উন্নয়ন ও নিরীহ মানুষের পাশে দাঁড়ানো। দুটি আমি করেছি। সুতরাং যত ভালো ভোট হবে, তত বেশি ভোট নৌকার হবে। এককথায় রামদী জয়ের মাধ্যমে কুলিয়ারচরে নৌকার ষোলো আনা জয় নিশ্চিত করতে ভালো ভোটের বিকল্প নেই। আমার প্রত্যাশা ভালো ভোট।’