রামপাল চুক্তি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন রক্ষায় রামপাল চুক্তি বাতিলের দাবিতে গাইবান্ধা শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে গতকাল শনিবার অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ, বন্দর রক্ষা জাতীয় কমিটি গাইবান্ধা জেলা শাখা গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই কর্মসূচি পালন করে।
এ সময় ওই কমিটির জেলা শাখার আহ্বায়ক শাহাদত হোসেনের সভাপতিত্বে এক সমাবেশ হয়। এতে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য আমিনুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক রেবতী বর্মণ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদ (মার্ক্সবাদী) জেলা সমন্বয়ক আহসান হাবীব, তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ, বন্দর রক্ষা জাতীয় কমিটি গাইবান্ধা জেলা শাখার সদস্যসচিব জিয়াউল হক, জেলা বাসদের সমন্বয়ক গোলাম রব্বানী, জেলা যুব ইউনিয়নের সভাপতি প্রতিভা সরকার, জেলা নারী মুক্তি কেন্দ্রের সভাপতি নীলুফার জেসমিন, জেলা ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রানু সরকার, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ, সাংবাদিক হেদায়তুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের বনের অন্তত ২৫ কিলোমিটার এলাকার মধ্যে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা যাবে না। সরকার এই আন্তর্জাতিক আইন অমান্য করে ৯ থেকে ১১ কিলোমিটারের মধ্যে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি করেছে। যা কোনোভাবেই মানা যায় না।