রামুতে উচ্ছেদ করতে গিয়ে দখলদারদের হামলায় আহত ৮ বনকর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দখলদারদের হামলায় আহত বনকর্মীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ শনিবার সকালে কক্সবাজারের রামুতে
ছবি: প্রথম আলো

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়া নালায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে দখলদারদের হামলায় আটজন বনকর্মী আহত হয়েছেন। আজ সকাল নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর আহত চারজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন রেঞ্জ কর্মকর্তা জয়নাল আবেদীন, বনপ্রহরী সুলতান মাহমুদ, আবদুল জব্বার ও বাসুদেব বণিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার (উত্তর) বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) তৌহিদুল ইসলাম বলেন, রামু উপজেলার জোয়ারিয়া নালা এলাকায় বন বিভাগের জায়গা দখল করে মুরগির খামার নির্মাণের খবর পায় বন বিভাগ। এরপর আজ সকালে বন বিভাগের একটি দল সেখানে উচ্ছেদ অভিযানে যায়।

এ সময় সংঘবদ্ধ দখলদারেরা বনকর্মীদের ওপর হামলা চালায়। তাতে আটজন বনকর্মী আহত হন। এরপর আহত বনকর্মীদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে গুরুতর আহত চারজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। হামলাকারীদের নাম-পরিচয় শনাক্ত করে মামলা করা হবে বলে জানান ডিএফও তৌহিদুল ইসলাম।