রামুতে গভীর রাতে বন বিভাগের হেডম্যানকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ব্যাঙডেবা এলাকায় বন বিভাগের হেডম্যান আলী আহমদকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন। ব্যাঙডেবা এলাকাটি পাহাড়ি ও দুর্গম। হত্যার কারণ সম্পর্কে পুলিশ জানতে পারেনি। আলী আহমদ এক যুগ ধরে স্থানীয় বন রক্ষার দায়িত্ব পালন করে আসছিলেন।

থানা-পুলিশ বলছে, বনদস্যুদের একটি দল গভীর রাতে বাড়িতে ঢুকে আলী আহমদকে কুপিয়ে হত্যা করে। আজ রোববার বেলা দুইটা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ বলেন, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে শামসুদ্দিন আহমেদ বলেন, গভীর রাতে ৩০ জনের অধিক লোক আলী আহমদের বাড়িতে ঢুকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। মৃত্যু নিশ্চিত হলে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা বনদস্যু। সম্ভবত দস্যুদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ায় হেডম্যানের ওপর ক্ষিপ্ত ছিল তারা।

রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহমদের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের চিহ্নিতের চেষ্টা চলছে।