রামুর বাঁকখালী নদীতে ডুবে প্রাণ গেল দুই বোনের
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল এলাকায় বাঁকখালী নদীর পাড় ধসে পড়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা হলো ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোন্দকার পাড়ার আবদুল করিমের মেয়ে তাসফিয়া নূর জোহরা (৯) ও জান্নাতুল মাওয়া (৫)।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়ায় ওই ঘটনা ঘটে। বিকেলে দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গ্রামের পাঁচ শিশু নদীর পাড়ে খেলা করছিল। একসময় নদীর পাড় ধসে পড়ায় তাঁরা পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন তিন শিশুকে উদ্ধার করতে পারলেও দুজন নিখোঁজ হয়। একপর্যায়ে তাসফিয়া নূর জোহরাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে দমকল বাহিনীর ডুবুরিরা ও স্থানীয় লোকজন নদীতে তল্লাশি চালিয়ে জান্নাতুল মাওয়ার লাশ উদ্ধার করেন।
দুই মেয়েকে হারিয়ে দিশাহারা আবদুল করিম। কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। খবর পেয়ে এলাকার লোকজন ওই বাড়িতে ভিড় করেন। এ সময় আবদুল করিম ও তাঁর স্ত্রীর আহাজারিতে তাঁদের চোখ আর্দ্র হয়ে ওঠে। রামু থানার উপপরিদর্শক (এসআই) জহির উদ্দিন বলেন, দুই শিশুর লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।