রায়গঞ্জে ইউরিয়ার কৃত্রিম সংকট, বিপাকে কৃষক
আমনের ভরা মৌসুমে টাকা দিয়েও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কৃষকেরা প্রয়োজনমতো ইউরিয়া সার কিনতে পারছেন না।
কৃষকদের অভিযোগ, কৃত্রিম সংকট সৃষ্টি করে উপজেলার সরকার অনুমোদিত ডিলার ও খুচরা বিক্রেতারা নির্ধারিত দামের চেয়ে ৫০ থেকে ৭০ টাকা বেশি দরে প্রতি বস্তা ইউরিয়া বিক্রি করছেন।
অভিযোগ অস্বীকার করে ধানগড়া ইউনিয়নের ডিলার খন্দকার সোহরাব হোসেনসহ চারজন খুচরা বিক্রেতা বলেন, সংকট যেন না হয় এ জন্য প্রত্যেক কৃষককে তাঁর প্রয়োজনমতো সার দেওয়া হচ্ছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তাঁরা।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলার নয়টি ইউনিয়নে ১৮ হাজার ৬৭৯ হেক্টর জমিতে আমন চাষ হচ্ছে। এ আমন আবাদের জন্য আগস্ট মাসে বাফার (আপৎকালীন মজুত) গুদাম এবং যমুনা ফার্টিলাইজার কোম্পানি থেকে ৯৫০ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার ১৪ জন ডিলার সার তুলে খুচরা বিক্রেতাদের মাধ্যমে কৃষকদের কাছে বিক্রি করছেন। তবে বাফার গুদামের সার কিছুটা জমে যাওয়ায় বাজারে যমুনা সারের চাহিদা বেশি। এ সুযোগে কিছু ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে বেশি দাম আদায় করছেন বলে জানা যায়।
উপজেলার চান্দাইকোনা এলাকার কৃষক রফিকুল ইসলাম বলেন, বাজারে যে সার পাওয়া যাচ্ছে তা জমাটবাঁধা। অবশ্য প্রতি বস্তায় ৫০-৬০ টাকা বেশি দিলে ভালো সারও পাওয়া যায়। ধানগড়া এলাকার কৃষক মিজানুর রহমান বলেন, কয়েক দিন ঘুরে সার কিনতে হয়েছে। রণতিথা এলাকার কৃষক আবদুল হামিদ মুন্সি বলেন, অন্য এলাকা থেকে যমুনার সার বস্তাপ্রতি ৬০ টাকা বেশি দামে কিনতে হয়েছে।
নাম প্রকাশ না করে চারজন খুচরা বিক্রেতা বলেন, কৃষকদের বেশি পছন্দ যমুনার সার। কিন্তু ডিলাররা দিচ্ছেন বাফার গুদামের সার। ফলে অন্য জায়গা থেকে কিনে এনে একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোফাজ্জল করিম বলেন, উপজেলায় সারের কোনো সংকট নেই। কোনো ডিলার অথবা খুচরা বিক্রেতা বেশি দামে সার বিক্রি করছেন—এমন প্রমাণ দিতে পারলে তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্ বলেন, সার নিয়ে কোনোরকম অনিয়ম সহ্য করা হবে না। বাজারে নজরদারি বাড়ানো হয়েছে।
রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক বলেন, ‘কিছু এলাকায় বেশি দামে ইউরিয়া সার বিক্রি হচ্ছে শুনেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।’