রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশে খাদ্যশস্যের দাম কিছুটা বেড়েছে: কৃষিমন্ত্রী
রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশে খাদ্যশস্যের দাম কিছুটা বেড়েছে। তবে দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
কৃষিমন্ত্রী বলেন, সরু চালের দাম কিছুটা বেড়েছে, তবে মোটা চালের দাম বাড়েনি। সরকার খেটে খাওয়া গরিব মানুষ নিয়ে চিন্তিত। তাঁদের জন্য ওএমএসের মাধ্যমে চাল দেওয়া হচ্ছে। কয়েক দিনের মধ্যে ৫০ লাখ গরিব পরিবারের মধ্যে ১০ টাকা দরে চাল বিতরণ করা হবে। তেলসহ কয়েকটি খাদ্যের ওপর সরকার কর কমিয়ে দিয়েছে।
আব্দুর রাজ্জাক বলেন, ‘মৎস্য, পোলট্রি, ধানসহ সব কৃষিকাজ বিজ্ঞানসম্মত ও আধুনিকভাবে করার জন্য কাজ করছি, যাতে এটি লাভজনক হয়। জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পোলট্রি, মৎস্য ও ডেইরি শিল্পকে কৃষি ফার্ম ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার কাজ চলমান আছে।’
এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকায় সফররত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কিউ দোংয়ু, কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাজাহান কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে মন্ত্রী ও তাঁর সফরসঙ্গী কিউ দোংয়ু গাজীপুর সদর উপজেলার বহুরিয়াচালা ও কোলতিয়া গ্রামে মৎস্য, পোলট্রি খামার ও বোরো ধানখেত পরিদর্শন করেন।