রাসায়নিক ছিটিয়ে ধানখেত নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের কোনো ফসলি জমি নেই। ভিটা-বাড়িও নেই। স্ত্রী সোহাগী নেছা তাঁর মায়ের কাছ থেকে ৭৪ শতক জমি পেয়েছেন। সেই জমিতে ধানের চাষ করেছিলেন ভূমিহীন কৃষক ওয়াজেদ আলী। কিন্তু দুর্বৃত্তরা সেই খেতে রাসায়নিক (আগাছানাশক) ছিটিয়ে ধানগাছগুলো মেরে ফেলেছে। 
ওয়াজেদ আলী ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হরিণাকুণ্ডু গ্রামের বাসিন্দা। তিনি জানান, তাঁর স্ত্রী সোহাগী নেছা মায়ের কাছ থেকে ৭৪ শতক জমি পেয়েছেন। সেই জমিতে তাঁরা ধানের চাষ করেছিলেন। দুজনই হাড়ভাঙা শ্রম দিয়েছেন এই খেতে। ধার-কর্জ করে ব্যয় করেছেন প্রায় ১৫ হাজার টাকা। ধানও হয়েছিল ভালো। আশা ছিল, ৩৭-৩৮ মণ ধান পাবেন, যা বিক্রি করে মাথা গোঁজার একটা ব্যবস্থা করবেন। আর কদিন পরই ধান কাটা যেত। কিন্তু তার আগেই খেতের ধান সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে। তিনি জানান, গত ১৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রতিপক্ষের লোকজন খেতে রাসায়নিক (আগাছানাশক) ছিটিয়ে সব ধানগাছ মেরে ফেলেছে।
ওয়াজেদ আলী জানান, এ বিষয়ে তিনি ২২ অক্টোবর ঝিনাইদহ আদালতে একটি মামলা করেছেন। নয়জনকে আসামি করে তিনি মামলাটি করেন। মামলায় যাদের আসামি করা হয়েছে, তাদের সঙ্গে এই জমি নিয়ে বিরোধ ছিল। তারা জমিটি দখল করতে চায়। দখল করতে না পেরে ফসল নষ্ট করে দিয়েছে। তিনি জানান, আদালত হরিণাকুণ্ডু উপজেলা কৃষি কর্মকর্তাকে মামলা তদন্তের দায়িত্ব দিয়েছেন।
জানতে চাইলে কৃষি কর্মকর্তা আরশেদ আলী বলেন, আদালত থেকে তদন্তের নির্দেশ পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। খেতের ফসল নষ্ট করা হয়েছে ঘাস মারার ওষুধ ছিটিয়ে।