রাস্তা তৈরির জন্য জোর করে শতাধিক গাছ হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাছ কাটার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করেছেন কৃষক ইব্রাহিম
ছবি: প্রথম আলো

নাটোরের সিংড়া উপজেলার জোরপূর্বক এক কৃষকের জমি থেকে শতাধিক আম, কলা, জাম ও খেজুরগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামের কৃষক ইব্রাহীম মণ্ডলের জমির গাছ কাটা হয়। এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করেছেন কৃষক ইব্রাহিম।

সিংড়া থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কদমকুড়ি গ্রামের পশ্চিমপাড়া পুকুরপাড়ে কৃষক ইব্রাহীম মণ্ডলের আম, কলা, জাম ও খেজুরগাছ কেটে ফেলেন প্রতিপক্ষ তহিদুল ইসলাম ও তাঁর লোকজন। এ সময় বাধা দিতে গেলে ইব্রাহীম মণ্ডলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ইব্রাহীম মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘জোর করে আমার জমির ওপর দিয়ে রাস্তা বানানোর জন্য প্রতিপক্ষ প্রকাশ্যে গাছগুলো কেটে ফেলে। এতে আমার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এ ব্যাপারে থানায় মামলা করেছি।’

গাছ কাটার কথা স্বীকার করে তহিদুল ইসলাম বলেন, পুকুরপাড় দিয়ে চলাচলের সমস্যার জন্য তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশে গাছগুলো কেটেছেন।

তবে তহিদুল ইসলামকে গাছ কাটার অনুমতি দেওয়ার কথা অস্বীকার করেছেন ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ আল মামুন। তিনি বলেন, ‘আমি কাউকে গাছ কাটতে বলিনি। আমার নাম ভাঙিয়ে কেউ গাছ কাটলে তাঁকে ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে পুলিশ যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা করছি।’

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।