রাস্তা থেকে মোটরসাইকেল গিয়ে পড়ল ঘরে, কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোটরসাইকেলে ধাক্কায় সড়কের পাশের টিনের ঘরের বেড়া দুমড়েমুচড়ে গেছে। গতকাল রাতে চারিগ্রাম-বালুখণ্ড সড়কের মধ্যচারিগ্রাম এলাকায়
ছবি: প্রথম আলো

মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল দুই কিশোর। পথে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি টিনের ঘরকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী এক বন্ধু নিহত হয়।

গতকাল রোববার রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার মধ্য চারিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম সাজিদ হোসেন (১৭)। সে উপজেলার দক্ষিণ জাইল্যা গ্রামের প্রবাসী জয়নাল আবেদীনের ছেলে। সাজিদ হোসেন এবার চারিগ্রাম শাহাদাৎ আলী খান উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। এ ঘটনায় সাজিদের মোটরসাইকেলের পেছনে বসে থাকা বন্ধু মামুন মিয়া গুরুতর আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে সাজিদ ও মামুন বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। এরপর রাত নয়টার দিকে বাড়ি ফেরার পথে চারিগ্রাম-বালুখণ্ড সড়কের মধ্যচারিগ্রাম এলাকায় চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশের একটি টিনের ঘরে সজোরে আঘাত করে। এতে টিনের ঘরের বেড়া দুমড়েমুচড়ে যায় এবং সাজিদ ও মামুন গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গতকাল রাতেই নিহত শিক্ষার্থীর লাশ তার স্বজনেরা বাড়ি নিয়ে গেছেন।