করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের প্রথম দিনে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ছিল একেবারে ফাঁকা। কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহাসড়কে চেকপোস্টে কড়াকড়ি চলছে। অনেক যাত্রীবাহী বাস এলেও সেগুলো আটকে দেওয়া হচ্ছে। মামলা দেওয়া হচ্ছে যানবাহনের বিরুদ্ধে।
তবে ঈদের ছুটিতে বেড়াতে এসে যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন বহু যাত্রী। অনেককে পায়ে হেঁটে রওনা দিতে দেখা গেছে।
আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় সরেজমিনে দেখা গেছে, মহাসড়ক একেবারে ফাঁকা। গাড়ি ও যাত্রীর চাপ নেই। সকাল থেকে সাইনবোর্ড এলাকায় বিজিবি, র্যাব, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ অবস্থান নেয়। রাজধানীতে প্রবেশপথে ডিএমপির পুলিশ চেকপোস্টে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। জরুরি পরিবহন ছাড়া কোনো যানবাহন রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। চেকপোস্টে তল্লাশির সময় যাঁরা যথাযথ কারণ ব্যাখা না করতে পারছেন, তাঁদের রাজধানীতে ঢুকতে দেওয়া হচ্ছে না। অনেক যাত্রীকে গাড়ি না পেয়ে পায়ে হেঁটে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে যেতে দেখা গেছে।
উত্তরা থেকে ঈদের দিনে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জে বেড়াতে আসেন ডাইং কারখানার শ্রমিক আল আমিন। বেড়ানো শেষে সকালে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন তিনি। কিন্তু কোনো গাড়ি পাচ্ছেন না। ফলে ভোগান্তিতে পড়েছেন তাঁরা। যেকোনো উপায়ে হোক তাঁদের উত্তরায় বাড়ি ফিরতে হবে।
ডিএমপির ট্রাফিক সার্জেন্ট মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, বিদেশগামী যাত্রী, হাসপাতাল ও রাতের ফেরা গাড়ি, যেগুলো যানজট বা বিশেষ কারণে আটকা পড়েছে, যেসব গাড়ি শুধু বিশেষ বিবেচনায় রাজধানীতে ঢুকতে দেওয়া হচ্ছে। এ ছাড়া অন্য কোনো গাড়ি এলে সেগুলোর বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।
অন্যদিকে রাজধানী থেকে বের হওয়া বিভিন্ন গন্তব্যের যাত্রীবাহী বাস আটকে দেওয়া হচ্ছে সাইনবোর্ড এলাকায়। সকাল থেকে দুপুর পর্যন্ত অর্ধশত যাত্রীবাহী বাস আটকে দেওয়া হয়েছে। এসব যাত্রীবাহী বাস উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে।
চট্টগ্রামগামী যাত্রী ইয়াসমিন আক্তার বলেন, ১৭ জুলাই তাঁরা ঈদের ছুটিতে গ্রামের বাড়ি দিনাজপুর গিয়েছিলেন। ঈদ শেষে স্বামীর কর্মস্থল চট্টগ্রামে ফেরার জন্য বৃহস্পতিবার বিকেল পাঁচটায় হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসে তাঁরা ওঠেন। যানজট ও পথে বিভিন্ন জায়গায় তল্লাশির কারণে শুক্রবার বেলা সাড়ে ১১টায় সাইনবোর্ড এলাকায় পুলিশ আটকে দেয়।
অপর বাসযাত্রী মো. হাসান বলেন, ১ হাজার ৮০০ টাকা ভাড়ায় তিনি দিনাজপুর থেকে বাসে উঠেছেন। বগুড়ায় তাঁরা দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে থাকেন। পথে পুলিশ জায়গায় জায়গায় আটকে গাড়ির চালকদের কাছ থেকে টাকা নিয়েছেন।
গাড়ির চালক শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাইনবোর্ডে পুলিশ যাত্রীসহ গাড়ি আটকে দিয়েছে। যানজটের কারণে আটকা পড়লে আমাদের কী দোষ বলেন?’
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল পুলিশ বক্সের পরিদর্শক ওমর ফারুক প্রথম আলোকে বলেন, তাঁরা সকাল ছয়টা পর্যন্ত যানবাহন চলাচল করতে দিয়েছেন। কিন্তু ছয়টার পর থেকে ৫০–৬০টি যাত্রীবাহী বাস আটকে দেওয়া হয়েছে। গাড়িগুলো বিধিনিষেধ না মেনে যাত্রী পরিবহন করছিল। তাদের আটকে দেওয়া হচ্ছে এবং মামলা দেওয়া হচ্ছে।
সাইনবোর্ড এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা গোলাম মো. মাসুম প্রথম আলোকে বলেন, জরুরি প্রয়োজন ছাড়া কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। অপ্রয়োজনে বের হওয়া ও স্বাস্থ্যবিধি না মানা কারণে ইতিমধ্যে ৩০টি মামলা দেওয়া হয়েছে।
এ ছাড়া শহরের চাষাঢ়া, পঞ্চবটি, শিমরাইল, আদমজীসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্টে কড়াকড়ি চলছে।