রাস্তা সংস্কার করতে সিডিএকে তাগিদ চসিকের

সড়কের মাঝবরাবর চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। কমেছে দুই পাশের রাস্তার প্রশস্ততা। সরু সড়কটি কাদাপানিতে একাকার। জায়গায় জায়গায় ছোট-বড় গর্ত। এর মধ্যে চলছে সব ধরনের যানবাহন। এই দুরবস্থা চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়কের। নগরের ইপিজেড এলাকা, ৬ আগস্ট, ২০২১ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের কারণে নষ্ট হওয়া সড়ক জরুরি ভিত্তিতে সংস্কার করার তাগিদ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ সোমবার প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ এবং প্রকল্প পরিচালক মাহফুজুর রহমানকে চিঠি দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম।

চিঠিতে বলা হয়, নগরের পতেঙ্গা থেকে দেওয়ানহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। এর কারণে সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে রাস্তায় যানজট লেগে থাকে। বিমানযাত্রীসহ অফিসগামী লোকজন নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। বেহালের কারণে জনভোগান্তি বেড়ে চলছে। তাই জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার করতে হবে।

২০১৭ সালের ১১ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ব্যয় ধরা হয় ৩ হাজার ২৫০ কোটি ৮৩ লাখ টাকা। বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ও চায়না প্রতিষ্ঠান র‍্যাঙ্কিন যৌথভাবে নির্মাণকাজ করছে।

সড়কের মাঝবরাবর চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। কমেছে দুই পাশের রাস্তার প্রশস্ততা। সরু সড়কটি কাদাপানিতে একাকার। জায়গায় জায়গায় ছোট-বড় গর্ত। নগরের ইপিজেড এলাকা, ৬ আগস্ট, ২০২১
ছবি: প্রথম আলো

অনুমোদনের প্রায় দেড় বছর পর ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার পাইলিং কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২২ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

নির্মাণকাজের কারণে নগরের বিমানবন্দর সড়ক ও শেখ মুজিব সড়কের বিভিন্ন অংশ বেহাল হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে সড়কগুলোতে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়। এতে যান চলাচল ব্যাহত হয়। এ নিয়ে গত ৭ আগস্ট ‘টিকছে না সড়ক, কষ্টে চলাচল’ শীর্ষক একটি প্রতিবেদন প্রথম আলোতে প্রকাশিত হয়।

সিটি করপোরেশনের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস। তিনি প্রথম আলোকে বলেন, বর্ষার কারণে সড়কগুলো পিচঢালাই করা যাচ্ছে না। তবে দুর্ভোগ এড়াতে সাময়িক সংস্কারের কাজ চলমান রয়েছে। বৃষ্টি শেষ হলে আগামী অক্টোবর থেকে পিচঢালাইয়ের কাজ শুরু হবে।

প্রথমে নগরের পতেঙ্গা প্রান্তে কাজ শুরু হয়েছিল। এরপর পর্যায়ক্রমে সিমেন্ট ক্রসিং, ইপিজেড, সল্টগোলা ও বারিক বিল্ডিং থেকে দেওয়ানহাট পর্যন্ত অংশে কাজ শুরু করে সিডিএ। নির্মাণকাজ শুরু হওয়ার কিছুদিনের মধ্যে সড়কের এসব অংশে খানাখন্দের সৃষ্টি হতে থাকে।

চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়ক, শেখ মুজিব সড়ক ও সিডিএ অ্যাভিনিউয়ের ওপর দিয়ে নির্মিত হচ্ছে লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এখনো সিডিএ অ্যাভিনিউ অংশে কাজ শুরু হয়নি। বাকি দুটি সড়কের ওপর কাজ চলছে। নির্মাণকাজের কারণে দুটি সড়কের অধিকাংশ জায়গায় কার্পেটিং (পিচঢালাই) উঠে গেছে। সৃষ্টি হয়েছে খানাখন্দের। এসব খানাখন্দে জমে থাকে পানি।