রাস্তা সংস্কারের টাকা না দেওয়ায় হামলা, অটোরিকশাচালক নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলায় রাস্তা সংস্কার বাবদ টাকা না দেওয়ায় মারধরে অটোরিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাঁর লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে বিকেলে উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আসমত আলী মসজিদের সামনে মারধরের ঘটনা ঘটে। পরে রাতেই জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান ও লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত অটোরিকশাচালকের নাম শফিক মোল্লা (৩৮)। তিনি একই এলাকার মজিদ মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চররমনী মোহন গ্রামের একটি কাঁচা রাস্তা বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সম্প্রতি স্থানীয় তৌহিদ হোসেন ও মমিন উল্যাসহ কয়েকজন যুবক রাস্তায় বালু দিয়ে সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলেন। এরপর থেকে চলাচলকারী যানবাহনচালকদের কাছ থেকে বিভিন্ন পরিমাণ টাকা তোলেন তাঁরা। শুক্রবার বিকেলে অটোরিকশাচালক শফিক যাত্রী নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তৌহিদ ও মমিনের লোকজন শফিকের কাছে ২০০ টাকা দাবি করেন। শফিক টাকা দিতে অস্বীকৃতি জানান। সন্ধ্যায় ফেরার পথে তাঁরা আবার শফিকের অটোরিকশার গতিরোধ করে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তৌহিদ, মমিনসহ সহযোগীরা তাঁকে বেধড়ক মারধর করেন। আহত অবস্থায় বাড়ি গিয়ে শফিক কয়েকবার বমি করেন। পরে রাত আটটার দিকে তিনি মারা যান।
লক্ষ্মীপুর সদর থানার ওসি জসিম উদ্দিন বলেন, টাকা নিয়ে শফিক ও অভিযুক্তদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।