রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে উপজেলার চারটি ইউনিয়নের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে। অনেক পরিবারের ঘরে পানি উঠেছে।
সরেজমিন আজ শনিবার সকালে দেখা যায়, উপজেলার দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের পদ্মার তীরবর্তী অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় মানুষ কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরপানি ভেঙে চলাচল করছে। পানির ভেঙেই কেউ কেউ আত্মীয়স্বজনের খোঁজ নিতে যাচ্ছে। আবার কেউ প্রয়োজনের তাগিদে হাটবাজারে ছুটছে।
দেবগ্রামের কাওয়ালজানি, দেবগ্রাম ও মুন্সীপাড়া ঘুরে দেখা যায়, চারদিকে শুধু পানি আর পানি। অনেকের বাড়ির উঠানে পানি। কারও কারও ঘরের ভেতরে পানি উঠে গেছে। ঘরে পানি প্রবেশ করায় কেউ কেউ এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। যাদের উঠান শুকনা আছে, কেউ সেখানে বসে গবাদিপশুর খাবারের ব্যবস্থা করছে। আবার কেউ রান্নার কাজে ব্যস্ত আছে।
দেবগ্রামের মুন্সীপাড়ার জবেদা খাতুন ও ইসলাম শেখের বাড়ির ভেতরে কোমরসমান পানি। তাঁরা বলেন, ‘প্রায় দুই সপ্তাহ ধরে ঘরের ভেতর পানি ওঠায় পরিবারের দুই ছেলে, বউ ও নাতিদের অন্যত্র পাঠিয়ে দিয়েছেন। বাড়ির ভেতর পানি। চারপাশে পানি। অথচ এখন পর্যন্ত আমাদের কেউ খোঁজ নেয়নি। কীভাবে যে চলছি, কেউ খোঁজ নিচ্ছে না। আমরা এখন অন্যের বাড়িতে উঠেছি।’
দেবগ্রাম গ্রামের কমেলা খাতুন হাঁটু ও কোমরসমান পানি দিয়ে রাস্তা পার হয়ে মাকে দেখতে যাচ্ছেন। তিনি বলেন, ‘মা বুইড়া মানুষ, তাকে দেখতে যাচ্ছি। কত কষ্ট! এই পানি, আড়া-গাড়া সব মাইড়া আসলাম। তারপরও দেহা লাগবি।’
কাওয়ালজানি গ্রামের নেদু শেখের স্ত্রী ফুলজান বেগম আরেকজনকে সঙ্গী করে হাঁটুপানি ভেঙে এক আত্মীয়কে দেখতে ছুটেছেন। পানির ভেতর দাঁড়িয়ে তিনি বলেন, ‘পানিতে চক তলায় গেছে। ছাগল-গরুর খাবার নাই। ঘরের ভেতর রান্না করতে পারছি না। রাস্তায় পানি, যাইতে পারি না।’
গোয়ালন্দের হাটে গিয়েছিলেন দেবগ্রামের ইমান মোল্লা। তিনি বলেন, ‘ভোরবেলায় নৌকায় পাট নিয়া বাজারে গেছি। অহন নৌকা নাই। তাই পানির ভেতর দিয়া হাঁইটা বাড়ি যাইতেছি। অহন পর্যন্ত আমাগো কেউ খোঁজ নেয় নাই।’
কাওয়ালজানি গ্রামের রিজিয়া খাতুন বলেন, ‘বন্যার পানিতে সব তলায় গেল। নাইদার পারি না। ছাগল-টাগল আছে, খাওয়াতে পারছি না। সব তলায় গেছে। কাইল সহালে আহাই দিছি। আইজ আবার আহাই (রান্না) দিব। নাইতরে নাইদবের পারি না। পাঁচ-ছয় দিন ধইরা পানিতে আছি। এর আগে বাড়ি ছিল বেথুরী। চার বছর আগে এক পোয়া (১০ শতাংশ) জমি বছরে তিন হাজার টাকা দিইয়া বাবু মোল্লার জমিতে থাকছি।’
কাদের সরদার বলেন, ‘আগে দিনমজুরের কাজ করতাম। প্রায় তিন মাস ধরে মাঠে পানি ওঠায় কাজটাজ সব বন্ধ হয়ে গেছে। কী করব, কিছুই বুঝে উঠতে পারছি না। কিছু যে লাগায় খাব, তা–ও পারছি না। সব তলায় গেছে।’
দৌলতদিয়া মুন্সীপাড়ার উসমান খাঁ ও চায়না বেগম দম্পতির বাড়ির উঠানসহ চারপাশে পানি। পানির কারণে চলাচলে সমস্যা হওয়ায় ছেলে ও মেয়েকে আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তাঁরা বলেন, ‘পানির কারণে রাতে বাড়িতে থাকতে পারি না। ঘরের ভেতর চৌকির ওপর রান্না করতে হয়।’ তাঁদেরসহ আশপাশের পাঁচটি পরিবারের একই অবস্থা।
দেবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন, দেবগ্রামের দেবগ্রাম, কাওয়ালজানি, বেতকা, রাখালগাছী ও উত্তর চর পাচুরিয়া এলাকার অন্তত দেড় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। প্রথম দফায় কিছুদিন আগে ৬০০ পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছিল। নতুন করে চাহিদা দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে এসব পরিবারকে দেওয়া হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মণ্ডল বলেন, উপজেলার প্রায় তিন হাজার পরিবার পানিবন্দী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক বলেন, বন্যাকবলিত মানুষের তালিকা তৈরি করা হচ্ছে। বন্যাদুর্গত মানুষের সাহায্যের জন্য জেলা প্রশাসকের কাছে ত্রাণ সহযোগিতা চাওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় ২০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।