রাস্তায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেন সিনেমার দৃশ্য।
ব্যস্ত শহরের জনাকীর্ণ বাজারে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে পেছনে ধাওয়া করছে একদল সন্ত্রাসী। প্রাণভয়ে সামনে দৌড়াচ্ছেন ভীতসন্ত্রস্ত এক ব্যবসায়ী। কিছুদূর দৌড়ানোর পর প্রাণশক্তি হারিয়ে একটি দোকানের সামনে পড়ে গেলেন তিনি। সঙ্গে সঙ্গে পেছন থেকে এসে তাঁর ওপর হামলা চালাল সন্ত্রাসীর দল। তারা সবার সামনেই ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করল ব্যবসায়ীকে। শত শত মানুষ চোখের সামনে এ দৃশ্য দেখলেও কেউ এগিয়ে আসেনি। খুনের পর বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে সন্ত্রাসীরা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের ব্যস্ততম রাজাবাজার এলাকার পদ্মা ম্যানশনের সামনে এ লোমহর্ষক ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম জিয়াউদ্দিন জিয়া (৪২)। তিনি শহরের ধরমপুর বাজারের ‘মা জুয়েলার্স ও ইমিটেশন’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের অংশীদার। ধরমপুর এলাকাতেই তাঁর বাড়ি।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, শহরের বড়গোলা মোড়ে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্যের সামনে থেকে ধাওয়া দিয়ে ব্যবসায়ী জিয়াকে রাজাবাজার এলাকায় নিয়ে সন্ত্রাসীরা গলা কেটে হত্যা করে। তবু তাঁকে বাঁচাতে কোনো পুলিশ সদস্য এগিয়ে আসেননি।
জিয়ার পরিবার ও পুলিশের ভাষ্য, বসতবাড়ির পাঁচ শতক জায়গা নিয়ে চাচাতো ভাইয়ের ছেলেদের সঙ্গেবিরোধ চলছিল জিয়া ও তাঁর ভাইদের। কয়েক দিন আগে এ নিয়ে মারামারির ঘটনায় জিয়া, তাঁর ছেলে ও দুই ভাইয়ের নামে আদালতে মামলা করেন প্রতিপক্ষের লোকজন। সেই মামলায় জামিন নিতে গতকাল বগুড়ার আদালতে আসেন জিয়াসহ অন্য আসামিরা। আদালতে জামিন মঞ্জুর হওয়ার পর বেলা আড়াইটার দিকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা জিয়াকে হত্যা করে।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে যে জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে ধরমপুর এলাকার মিজু, মিশু, সাজু, রিন্টুসহ কয়েকজন দুর্বৃত্ত এই খুনের ঘটনায় অংশ নিয়েছে। এলাকায় দায়িত্বরত পুলিশের নির্বিকার ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বাজারে প্রচুর ভিড় থাকায় এবং কিছুটা দূরে এ ঘটনা ঘটায় পুলিশ বিষয়টি বুঝতে পারেনি।
ঘটনার পরপরই রাজাবাজার এলাকায় গিয়ে দেখা যায় আতঙ্কে ৩ নম্বর রেলগেট থেকে বড়গোলা পর্যন্ত রাজাবাজারের প্রধান সড়কের বেশির ভাগ দোকানপাট বন্ধ। ঘটনাস্থল দত্ত স্টোরের সামনে রক্তের দাগ।
এ সময় নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী বলেন, পুলিশি হয়রানি ও আদালতে সাক্ষী হওয়ার ঝামেলা থেকে বাঁচতে তাঁরা দোকান বন্ধ রেখেছেন। তাঁরা বলেন, ঈদ ও পূজার কারণে সকাল থেকেই বাজারে প্রচণ্ড ভিড় ছিল। বেলা আড়াইটার দিকে বড়গোলা মোড়ের দিক থেকে ছুটে আসছিলেন এক ব্যক্তি। তাঁকে পেছন থেকে ধাওয়া করছিল ছয়-সাতজন অস্ত্রধারী। কেউ কিছু বুঝে ওঠার আগেই রাস্তায় ফেলে লোকটাকে জবাই করে চলে গেল খুনিরা।
একজন ব্যবসায়ী বলেন, তিনি প্রথমে মনে করেছিলেন, কোনো পকেটমারকে মারা হচ্ছে। এরপর আতঙ্কে দ্রুত দোকান বন্ধ করেন তিনি।
ধরমপুরে জিয়ার বাসায় গিয়ে দেখা গেছে, তাঁর স্ত্রী শ্যামলী বেগম আহাজারি করছেন। এ সময় জিয়ার ভাতিজা জোবায়ের হোসেন বলেন, চাচা জিয়ার সঙ্গে তাঁরাও স্বর্ণালংকারের ব্যবসা করতেন। বসতবাড়ির পাঁচ শতক জায়গা নিয়ে তাঁদের সঙ্গে মিজু, মিশু, সাজু ও রিন্টুর (জিয়ার চাচাতো ভাইয়ের চার ছেলে) দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গত সেপ্টেম্বরে তাঁদের চারজনের নামে (জিয়া, তাঁর ছেলে ও দুই ভাই) আদালতে চাঁদাবাজি ও মারধরের মামলা করেন প্রতিপক্ষের লোকজন। মামলায় জিয়াকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় গত বুধবার পুলিশ জিয়ার বড় ভাই জাহিদুলকে গ্রেপ্তার করে। পরে বাধ্য হয়ে গতকাল বাকিরা আদালত থেকে জামিন নেন।
জোবায়ের বলেন, আদালত থেকে জামিন পাওয়ার পর তাঁর চাচা একা বাড়ি ফিরছিলেন। সেই সুযোগে তাঁকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, ঘটনার পর থেকেই সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। কিন্তু তারা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। মামলার পর অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।
জেলা ও সদর থানার পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল গিয়ে জিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।