পাবনার বেড়া বাজারের সোনাপট্টির সামনের ইট বিছানো রাস্তায় আবর্জনা জমে রয়েছে কিছুদিন ধরে। গত বুধবার দুপুরের দিকে গভীর মনোযোগ দিয়ে সেই ময়লা–আবর্জনা সংগ্রহ করে বড় একটি পাত্রে রাখছিলেন এক ব্যক্তি। শুধু তা–ই নয়, ইটের ওপরে থাকা সব মাটি পরম যত্নেœচেঁছে তুলে নিচ্ছিলেন তিনি। দেখে মনে হয়, আবর্জনা বা মাটি নয়, তিনি যেন রত্ন সংগ্রহ করছেন।
কথা বলে জানা গেল, রত্ন না হলেও আরেক মূল্যবান সম্পদ ‘সোনা’ খুঁজতে রাস্তার ময়লা–আবর্জনা ও মাটি সংগ্রহ করছেন তিনি। তাঁর নাম কামাল শেখ। বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকায়। দুই দশক ধরে বিভিন্ন জেলার সোনাপট্টি ঘুরে ঘুরে আবর্জনার স্তূপে সোনা খুঁজে বেড়ানোই তাঁর পেশা। সোনা খোঁজার জন্য পাবনা, সিরাজগঞ্জ, কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় ঘুরে বেড়ান তিনি।
তবে শুধু কামাল শেখই নন, তাঁর মতো আরও পাঁচ থেকে ছয়জন বেড়া উপজেলায় এসে এভাবে ময়লা–আবর্জনা ঘেঁটে সোনা বের করেন। তাঁরা সবাই দরিদ্র। ময়লা–আবর্জনা সংগ্রহ করার পর তা ধুয়ে সামান্য যে সোনা পান, তা দিয়ে কোনোরকমে চলে তাঁদের সংসার। দৈনিক হিসাবে মজুরি ধরা হলে তাঁদের প্রতিদিনের আয় ৫০০ টাকার বেশি হয় না।
বেড়া বাজারের সোনা ব্যবসায়ীরা জানান, সোনার দোকানগুলোকে কেন্দ্র করে দুই ধরনের ময়লা সংগ্রহকারী রয়েছেন, এর মধ্যে মূল ময়লা সংগ্রহকারী ব্যক্তিরা প্রতিটি স্বর্ণালংকারের দোকানের সঙ্গে চুক্তিবদ্ধ। তাঁদের আর্থিক অবস্থাও ভালো।
দোকানগুলোতে কাজের পরিস্থিতি বিবেচনায় রেখে বছরে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকায় তাঁরা স্বর্ণালংকার ব্যবসায়ীদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। কিন্তু কামাল শেখের মতো দরিদ্র ময়লা সংগ্রহকারীরা বিনা পয়সায় রাস্তার, এমনকি নর্দমার ময়লা–আবর্জনাও সংগ্রহ করেন। তবে সেই রাস্তা বা নর্দমার সঙ্গে অবশ্যই স্বর্ণালংকার তৈরির কারিগরদের সম্পর্ক থাকতে হবে।
কামাল শেখ বলেন, একসময় রিকশা চালিয়ে পরিবারের ভরণপোষণ করতেন। ২০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। তিনি বলেন, ‘সোনার দাম বেড়ে যাওয়ায় এখন দুই–তিন দিন ধরে ময়লা সংগ্রহের পর তা ধুয়ে হাজার দেড়েক টাকার বেশি আয় হয় না।’
বেড়া বাজার স্বর্ণালংকার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গৌর চন্দ্র কর্মকার বলেন, রাস্তা থেকে ময়লা–আবর্জনা সংগ্রহকারী ব্যক্তিদের লাভের বিষয়টি একেবারেই অনিশ্চিত।