রাস্তার ধারে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় রাস্তার ধারে অটোরিকশাচালকের গলাকাটা লাশ পড়ে ছিল। আজ শনিবার সকালে বিরামপুর পৌর শহরের শিমুলতলী গড়েরপাড় রাস্তার ধার থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম রেজাউল করিম (৩৭)। তিনি উপজেলার শান্তিনগর এলাকার প্রয়াত রজব আলীর ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে রেজাউল করিমকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। তাঁর লাশের পাশে অক্ষত অবস্থায় ইজিবাইক, মুঠোফোন ও মানিব্যাগে ৪৩৭ টাকা পাওয়া গেছে। রেজাউলের পরনে ছিল রেইনকোট। সুরতহালে দেখা যায়, লাশের গলায় ধারালো অস্ত্র দিয়ে পোঁচ দেওয়া। তবে শরীরে আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।