রাস্তার পাশে পড়ে ছিল পলিথিনে মোড়া নবজাতকের মরদেহ
মাগুরার মহম্মদপুর উপজেলায় রাস্তার পাশ থেকে পলিথিন ও কাপড়ে মোড়ানো অবস্থায় অজ্ঞাতনামা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাবুখালী ইউনিয়নের কাউলিপাড়া গ্রামে মরদেহটি দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। পরে খবর পেয়ে দুপুরে তা উদ্ধার করে পুলিশ।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে কাউলিপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য রসকান্ত বিশ্বাসের বাড়ির পাশে রাস্তার ঢালুতে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। তবে তাৎক্ষণিকভাবে কেউ নবজাতকের পরিচয় শনাক্ত করতে পারেননি। স্থানীয় লোকজনের ধারণা, রাতে কেউ এসে মরদেহটি ফেলে গেছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, রাস্তার পাশে নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে পুলিশ। তবে কে বা কারা মরদেহটি ফেলে গেছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।