
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নগরের অধিকাংশ এলাকার সড়কে কাদা জমেছে। এতে পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সড়কগুলোর ধুলো-ময়লা-আবর্জনা জমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। সংস্কারের জন্য খোঁড়াখুঁড়ি করা রাস্তায় দুর্ভোগ আরও বেশি।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে নগরের প্রায় সড়কেই জলকাদা জমে একাকার হয়ে যায়। সরেজমিনে দেখা গেছে, বন্দরবাজার, জিন্দাবাজার, লালদিঘিরপার, শেখঘাট, কাজিরবাজার, শিবগঞ্জ, আম্বরখানা, সুবিদবাজার, পাঠানটোলা, ভার্তখলা, কদমতলী, কালীবাড়ি, বাগবাড়ি, পীরমহল্লা, সুরমাপয়েন্ট, কিনব্রিজ এলাকা, তোপখানা, করেরপাড়া, রায়নগর, মীরাবাজার, নাইওরপুল, শেখঘাট ও রিকাবীবাজারে নোংরা সড়কে চলাচলে দুর্ভোগ। ভুক্তভোগীদের অভিযোগ, মাস দুয়েক ধরে নগর পরিচ্ছন্নতাকরণ অনিয়মিত হয়ে গেলে পুনরায় অপরিচ্ছন্ন হয়ে পড়ে সিলেট নগর।
বন্দরবাজার এলাকার কাপড় ব্যবসায়ী আসাদুল মিয়া বলেন, ‘গত মাস খানেক ধইরা কোনো পরিচ্ছন্নতা-কর্মীকে ঝাড়ু দিতে দেখা যায় নাই। তাই সামান্য বৃষ্টিতেই নগরের সড়কে কাদা জমেছে। তাই আজ (গতকাল) ব্যবসায়ও মন্দাভাব দেখা দিয়েছে।’
জিন্দাবাজার এলাকার ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন আম্বরখানা এলাকার বাসিন্দা আজমল হোসেন। কাদায় একাকার হয়ে যাওয়া দুই পা দেখিয়ে বলেন, ‘দেখেন ভাই অবস্থা! কাদায় পা-প্যান্ট নষ্ট। এ অবস্থায় হাঁটতে চরম ভোগান্তি হচ্ছে।’
নোংরা সড়কের প্রভাব পড়েছে নগরের সবজি ও মাছের বাজারে। বিক্রেতারা জানান, বন্দরবাজার এলাকার ব্রহ্মময়ী সবজি বাজার এবং লালবাজার মাছবাজারে কাদার পরিমাণ বেশি ছিল। এ কারণে অন্য দিনের তুলনায় গতকাল ক্রেতাদের সমাগম খুব একটা ছিল না বললেই চলে। সবজি-ব্যবসায়ী রহমত উল্লাহ জানান, কাদায় ক্রেতারা কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন না বলেই হাঁটে আসেননি। বিক্রি না হওয়ায় অনেক ব্যবসায়ীর সবজি আটকে গেছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘নিয়মিত ঝাড়ু দেওয়া হচ্ছে। মাস খানেক ধরে ঝাড়ু দেওয়া বন্ধ রয়েছে—এ তথ্য সঠিক নয়। দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় কাদা তৈরি হয়ে পথচারীদের দুর্ভোগ বেড়েছে। তবে ভবিষ্যতে যাতে নগরকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা হয়, সে ব্যাপারে বাড়তি নজর দেওয়া হবে।’