রাস্তায় কাদাপানি, দুর্ভোগ

বসবাস শুরুর দুই মাসের মধ্যেই নানা সমস্যা দেখা দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ৯৪ শতক খাসজমিতে ৪৭টি পরিবারের বসবাস।

দুই মাসের মাথায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে আশ্রয়ণ প্রকল্প। সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশ্রয়ণ প্রকল্পের ভেতর দিয়ে যাওয়া খালে ভেজানো হয়েছে পাট। সেখান থেকে ছড়াচ্ছে পাট পচা পানির দুর্গন্ধ। বৃষ্টির পানি ও খালের দুই পাশ উপচে পড়া জোয়ারের পানিতে কর্দমাক্ত হয়ে পড়েছে চলাচলের রাস্তা। স্বচ্ছ ও সুপেয় পানির অভাবও প্রকট। পাশাপাশি অনেকের ঘরের মেঝে দেবে যাচ্ছে।

এমন অবস্থা সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের। বসবাস শুরুর দুই মাসের মধ্যেই নানা সমস্যা দেখা দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ৯৪ শতক সরকারি খাসজমিতে বানানো ঘরে বসবাস করছে ৪৭টি পরিবার।

গত শুক্রবার সকালে সরেজমিন দেখা গেছে, রাধানগর খালে পচানোর জন্য ভেজানো হয়েছে পাট। আশ্রয়ণ প্রকল্পের ঘরের পাশের মাটি কেটে জাগ দেওয়া হয়েছে পাট। পাট পচা পানির দুর্গন্ধে বসবাস করা করা কঠিন হয়ে পড়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে দুটি টিউবওয়েল বসানো হলেও বৃষ্টির পানিতে ডুবে থাকায় পানি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। আগে খালের পানিতে গোসল করা ও থালা–বাসন ধোয়ার জন্য ব্যবহার করা গেলেও পাট পচানোর পর থেকে ওই পানি ব্যবহার করতে পারছেন না বলে জানান বাসিন্দারা। ১১ নম্বর বাড়ির মালিক সামছুন্নাহারের বসতঘর ও রান্নাঘরের মেঝে দেবে গেছে। মিলনের ৩৪ নম্বর বাড়ির মেঝেরও একই অবস্থা গেছে। মহিদা খাতুনের ২২ নম্বর বাড়ির শৌচাগারের প্যান বসে গেছে।

সামছুন্নাহার জানান, বসবাস শুরুর মাসখানেক যেতে না যেতেই তাঁর বসতঘর ও রান্নাঘরের মেঝে বসে গেছে। কিছুদিন আগেও টিউবওয়লের অভাবে খাওয়ার পানি দূর থেকে আনতে হতো। শৌচাগারে, গোসলে ও বাসন ধুতে খালের পানি ব্যবহার করা যেত। জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে খালের পানিতে পাট জাগ দেওয়া শুরু করায় এখন সবকিছুর জন্য দূরবর্তী পুকুর ও টিউবওয়েলের ওপর নির্ভর করতে হয়। খালের ধারের মাটি কাটতে কাটতে তাঁদের ঘরের ভিত পর্যন্ত এসেছে। প্রতিনিয়ত বৃষ্টি হওয়ায় ঘরের পাশ দিয়ে যাতায়াতের আইলগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

মিলন হোসেন জানান, তাঁর ঘরের মেঝে বসে গেছে। ঘরের সামনে সব সময় পানি রয়েছে। খাল পার হয়ে রাস্তায় উঠার জন্য কোনো সাঁকো নেই।

প্রকল্পের বাসিন্দা জাহিদ হোসেন বলেন, কারও ঘরের দেয়ালে ও মেঝেতে ফাটল দেখা দিলে তাঁকেই মেরামত করতে বলা হয়। হাড়দ্দহ বাদামতলার সামছুল হক, চৌবাড়িয়ার আবদুর রহিম, আদর্শ গুচ্ছগ্রামের আফছার আলী, হাড়দ্দহের মঙ্গল সরকার, আসাদুজ্জামানসহ কয়েকজন খালে পাট ভিজিয়েছেন। রাস্তাও নেই চলাচলের। ফলে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা পড়েছেন বিপদে। বিষয়টি তিনি স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি।

খালে পাট জাগ দেওয়ার বিষয়ে স্থানীয় আফছার আলী ও আসাদুজ্জামান বলছেন, প্রতিবছর তাঁরা পাট কেটে এ খালে পচান। আশ্রয়ণ প্রকল্প হওয়ার আগেই তাঁরা পাট চাষ করেছেন। ওই খালে পাট ভেজানো ছাড়া বিকল্প উপায় নেই।

ভোমরা ইউনিয়ন ভূমি কর্মকতা কান্তিলাল সরকার জানান, কিছুদিন আগে তিনি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেখানে গিয়েছিলেন। পাট ভেজানোর কথা তিনি শুনেছেন। তবে বর্তমান পরিস্থিতি দেখার জন্য তিনি ২-৩ দিনের মধ্যে হাড়দ্দহ আশ্রয়ণ প্রকল্পে গিয়ে ব্যবস্থা নেবেন।

সদরের ইউএনও ফতেমা তুজ জোহরা বলেন, বিষয়টি ভুক্তভোগী কিংবা অন্য কেউ তাঁকে অবহিত করেননি। দ্রুত সময়ের মধ্যে বিষয়গুলোর ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন।