রাস্তায় জমে থাকে ড্রেনের ময়লা পানি, প্রতিকার না পেয়ে ব্যারিকেড এলাকাবাসীর
দিনাজপুর শহরের ব্যস্ততম চৌরাস্তা সুইহারি কালুরমোড়। মোড়ের রাস্তাটি অপেক্ষাকৃত নিচু ও খানাখন্দে ভরা। পাশেই বহু বছরের পুরোনো সংস্কারহীন ড্রেন। ড্রেনের আটকে থাকা ময়লা পানি উপচে পড়ে প্রায় সব ঋতুতেই কালুর মোড়ে জমে থাকে পানি। এ কারণে ভোগান্তিতে পড়েন স্থানীয় লোকজন। দীর্ঘদিন ধরে এর কোনো প্রতিকার না পেয়ে মঙ্গলবার দুপুরে ওই চৌরাস্তায় ব্যারিকেড দেওয়া হয়। রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এভাবেই বন্ধ ছিল রাস্তাটি। এতে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী বিভিন্ন পরিবহনের যাত্রীরা পড়ছেন ভোগান্তিতে।
বিকেলে কালুর মোড এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার চারপাশে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া। চৌরাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন হাফিজা আক্তার (৩২)। চারপাশ থেকে আসা যানবাহন থামিয়ে বলছেন, ‘এই দিকে রাস্তা বন্ধ, যেদিক দিয়ে আসছেন সেদিকে ফিরে যান।’
এর কারণ জানতে চাইলে হাফিজা আক্তারসহ স্থানীয় লোকজন বলছেন, বৃষ্টিবাদল নেই। এরপরও এই মোড়ে সারা বছর জলাবদ্ধতা লেগে থাকে। আশপাশের সব ড্রেন ভাঙাচোরা। ড্রেন উপচে পানি পড়ে মোড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কাউন্সিলর ও মেয়রকে বারবার অবহিত করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না। তাই এভাবে রাস্তা বন্ধ করে রেখেছেন। ঘটনাস্থলে মেয়র না আসা পর্যন্ত রাস্তা বন্ধ রাখবেন বলে জানিয়েছেন তাঁরা।
সরেজমিনে দেখা যায়, কালুর মোড় থেকে একটি রাস্তা একদিনে সুইহারি ও অন্যদিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে গেছে। আড়াআড়িভাবে অপর রাস্তাটি মির্জাপুর কলেজ মোড় এসে মোড় হয়ো ফকিরপাড়া বড় বন্দরে গিয়ে মিশেছে। মোড়ের মাঝবরাবর ইটের গাঁথুনি দিয়ে ঘেরাও দেওয়া বটগাছ। রাস্তার লাগোয়া উত্তরে ফকিরপাড়া বায়তুল আমান জামে মসজিদ। জায়গাটি অপেক্ষাকৃত নিচু ও খানাখন্দে ভরা থাকায় পানি জমে থাকে। ময়লা পানি পার হয়ে মুসল্লিরাসহ সাধারণ মানুষকে রাস্তা দিয়ে চলাচল করতে হয়।
আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়া মুসল্লিদের সঙ্গে এ বিষয়ে কথা হয়। তাঁরা বলেন, ‘কোনো কোনো সময় পায়ের গোড়ালি পর্যন্ত পানি জমে থাকে। বর্ষার সময় তো এই রাস্তা দিয়ে চলাচল মুশকিল হয়ে পড়ে। এই মোড়ের পাশে বিআরটিসি বাস ডিপো, বাস টার্মিনাল, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও অনেক ছাত্রাবাস রয়েছে। অথচ এক যুগের বেশি সময় ধরে রাস্তা ও ড্রেনের কোনো সংস্কার করা হচ্ছে না। পৌরসভা কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে না। এতবার আবেদন ও কল করা হয়েছে যে এখন আমরা বিরক্ত হয়ে গেছি। মেয়র না আসা পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।’
এদিকে ব্যস্ততম রাস্তাটি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সেখান দিয়ে চলাচল করা যানবাহনের সাধারণ যাত্রীরা। বিকেলে মোটরসাইকেল নিয়ে মোড়ের কাছে দাঁড়িয়ে ছিলেন সোহেল প্রধান। প্রথম আলোকে তিনি বলেন, এমন একটা জায়গায় মোটরসাইকেল দাঁড় করাতে হয়েছে যে ঘোরানোর মতো পরিস্থিতি নেই। এ রাস্তাটি ও ড্রেন দ্রুত মেরামত করা এখন সবার দাবি।
এ বিষয়ে জানতে চাই পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, আগামীকাল (বুধবার) সকাল থেকে কালুর মোড় এলাকায় রাস্তার অস্থায়ীভাবে সংস্কারের কাজ শুরু হবে। তিনি বলেন, পৌর শহরের সব রাস্তাঘাট ও ড্রেনের নির্মাণ ও সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে। টেন্ডারও করা হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে।