রাস্তায় পড়ে ছিলেন অজ্ঞাতনামা নারী, হাসপাতালে মৃত্যু
বগুড়ার শেরপুরে গাড়ির চাপায় নিহত হয়েছেন এক নারী (৪০)। আজ বুধবার ভোরে উপজেলার হাজিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই নারীকে বেশ কিছু দিন ধরে শেরপুর উপজেলা শহরের কলেজ রোড, হাজিপুর ও মহিপুর এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। দিনে বা রাতে সব সময় তিনি একাই চলাফেরা করতেন। ওই নারীকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে এলাকাবাসীর।
আজ ভোররাত সাড়ে চারটার দিকে শেরপুর উপজেলার হাজিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ওই নারীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাদির হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। তারা আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ভোররাতে কোনো গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম বানিউল আনাম দুপুরে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টার দিকে ওই নারীর মৃত্যু হয়। তাঁর নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। যে গাড়ি তাঁকে চাপা দিয়েছে, সেটি শনাক্ত করাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।