রাস্তায় পড়ে থাকা বৃদ্ধকে হাসপাতালে নিল 'পাশে দাঁড়াও'

রাত তখন ১১টার মতো। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজার এলাকায় একটি পেট্রলপাম্পের সামনে প্লাস্টিকের বস্তা থেকে মানুষের গোঙানির আওয়াজ শুনতে পান এলাকাবাসী। কাছে গিয়ে কয়েকজন দেখেন, বস্তার ভেতরে পঞ্চাশোর্ধ্ব এক বৃদ্ধ। কেউ একজন বস্তায় পুরে রাস্তার পাশে রেখে গেছেন ওই বৃদ্ধকে। এই ঘটনা গতকাল বুধবার রাতে। বিষয়টি জানতে পেরে উপজেলার করোনা স্বেচ্ছাসেবক দল ‘পাশে দাঁড়াও’ ও পুলিশ সদস্যরা অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হন। ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তাঁরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মো. আজমল হক বলেন, ওই বৃদ্ধ কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনি কথা বলতে ও কোনো কিছু খেতে পারছেন না। এখন পর্যন্ত তাঁর কোনো নাম–ঠিকানা ও পরিচয় পাওয়া যায়নি। তাঁর শরীর খুবই দুর্বল। তাই তাঁকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
ভরসার নাম ‘পাশে দাঁড়াও’ অ্যাম্বুলেন্স সার্ভিস
শুধু ওই বৃদ্ধই নন, কিছুদিন আগে উপজেলার কারেন্টহাট এলাকা থেকে ফোন আসে পাশে দাঁড়াও স্বেচ্ছাসেবক টিমের কাছে। সন্তানসম্ভবা একজনের প্রসববেদনা উঠেছে। তাঁকে হাসপাতালে নিতে হবে। ছুটে যান স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা। হাসপাতালে নেওয়ার সময় সেদিন অ্যাম্বুলেন্সেই একটি ছেলেসন্তান প্রসব করেছিলেন ওই নারী।
করোনাকালের শুরু থেকে এখন পর্যন্ত মানুষের জন্য বিভিন্ন স্বেচ্ছাশ্রমমূলক সেবা দিয়ে যাচ্ছেন পাশে দাঁড়াওয়ের সদস্যরা। বাসাবাড়ির বাজার করা থেকে শুরু করে করোনা রোগীদের প্রয়োজনে যোগাযোগ রক্ষা করা, বাইরে থেকে আগতদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা, রোগীদের বিভিন্ন গ্রুপের রক্তের ব্যবস্থা করে দেওয়া, অ্যাম্বুলেন্সে করে রোগীকে হাসপাতালে আনা–নেওয়াসহ বিভিন্ন স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন পাশে দাঁড়াওয়ের সদস্যরা। এমনকি গত রমজানের পুরোটা মাস উপজেলা শহরের বিভিন্ন বাজার এলাকায় গিয়ে প্রতিদিন শতাধিক মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছেন তাঁরা।
অর্ধশতাধিক তরুণ এখন পাশে দাঁড়াও স্বেচ্ছাসেবক টিমের সদস্য। ‘আর্তমানবতার সেবায় একঝাঁক তরুণ’ স্লোগান বুকে ধারণ করে এই সেবামূলক স্বেচ্ছাশ্রমে তাঁরা উদ্বুদ্ধ হয়েছেন। করোনার শুরু থেকে টিমের একজন সদস্য তাঁর দুটি মাইক্রোবাস অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করার জন্য বিনা মূল্যে দিয়েছেন। চলতি করোনা পরিস্থিতিতে অর্ধশতাধিক মানুষকে এই অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়েছেন তাঁরা।
স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াওয়ের আহ্বায়ক মাহফুজুল ইসলাম আসাদ প্রথম আলোকে বলেন, ‘করোনা পরিস্থিতিতে আমরা প্রথমে বাইরে থেকে আগতদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার বিষয়ে কাজ করছিলাম। তারপর আস্তে আস্তে উপজেলার বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধি তৈরি হয়। রমজান মাসের আগে একদিন সবাই একসঙ্গে হয়ে মিটিং করি। তারপর কীভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করা যায়, সেই বিষয়ে নিজেরা আলোচনা করি।’

মাহফুজুল ইসলাম আরও বলেন, ‘এই কাজে শুরুতে আমরা নিজেরাই পকেট থেকে অর্থের জোগান দিয়েছি। পরবর্তী সময়ে উপজেলার অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দিকা আজ প্রথম আলোকে বলেন, এ রকম সংকটময় মুহূর্তে স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়া মানুষের জন্য কাজ করে যাচ্ছে, এটি সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে করোনা পজিটিভ হয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে একধরনের ভীতি কাজ করে। পাশে দাঁড়াওয়ের সদস্যরা করোনা রোগীদের নিয়মিত খোঁজখবর রাখছেন। নমুনা সংগ্রহে সহযোগিতা করছেন। উপজেলার সাধারণ মানুষ এই স্বেচ্ছাসেবীদের মাধ্যমে উপকৃত হচ্ছে।
গতকাল রাতে বৃদ্ধকে উদ্ধারের প্রসঙ্গে ইউএনও আয়েশা সিদ্দিকা বলেন, বৃদ্ধটি এখনো পুরোপুরি সুস্থ হননি। কিছুটা স্বাভাবিক হলে তাঁকে পুনর্বাসনের ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে।