দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হয়।
চেয়ারম্যান পদে বর্তমানদের মধ্যে দলীয় মনোনয়ন পেয়েছেন ছয়জন। তাঁরা হলেন ধামাইনগর ইউপিতে রাইসুল হাসান, সোনাখাড়া ইউপিতে আবু হেনা মো. মোস্তফা কামাল, ঘুড়কা ইউপিতে মো. জিল্লুর রহমান, চান্দাইকোনা ইউপিতে মো. আবদুল হান্নান খান, ধানগড়া ইউপিতে মীর ওবায়দুল ইসলাম ও ব্রহ্মগাছা ইউপিতে মো. গোলাম ছরওয়ার লিটন।
এদিকে পাঙ্গাসী ইউপিতে দলের মনোনয়ন পেয়েছেন নতুন মুখ মো. রফিকুল ইসলাম। বাদ পড়েছেন বর্তমান চেয়ারম্যান মো. আবদুস সালাম। ধুবিল ইউপিতেও দলের মনোনয়ন পেয়েছেন নতুন মুখ মো. মিজানুর রহমান তালুকদার। এ ছাড়া নলকা ইউপিতে মনোনয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক।
দলীয় মনোনয়ন ঘোষণার পরপরই মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের কর্মী-সমর্থকেরা ফেসবুকে তাঁদের অভিনন্দন জানাতে শুরু করেন। অন্যদিকে মনোনয়নবঞ্চিতদের কর্মী-সমর্থকদের আবার ফেসবুকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।