রায়গঞ্জে দ্বিতীয় ডোজ টিকা নিতে শিক্ষার্থীদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টিকাকেন্দ্রের ভবনের বাইরেও অনেক শিক্ষার্থীকে অপেক্ষা করতে দেখা যায়
ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নিতে আসা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন টিকাকেন্দ্রে শিক্ষার্থীদের এ ভিড় দেখা যায়।

আজ উপজেলার ওই টিকাকেন্দ্রে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়। বেলা সাড়ে ১১টায় ওই টিকাকেন্দ্রে গিয়ে দেখা যায়, ভবনের বাইরেও অনেক শিক্ষার্থী টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছে।

উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের সুবর্ণগাঁতী উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, ঘণ্টাখানেক ধরে বাইরে দাঁড়িয়ে আছে তারা। ভেতরে ঢুকতে পারছে না। কখন টিকা দেওয়া হবে, তা-ও বুঝতে পারছে না। পাশেই বসে থাকা কয়েকজন শিক্ষার্থী জানায়, দ্বিতীয় ডোজ টিকা না নিলে শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হবে না—এমন ঘোষণায় তারা দলবেঁধে টিকা নিতে এসেছে।

মিলনায়তনের ভেতরে গিয়ে দেখা যায়, টিকা নিতে অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে। কেউ আবার চেয়ারে বসে ভিড় কমার জন্য অপেক্ষা করছে। টিকাদানের দায়িত্বে থাকা দুজন শিক্ষক বলেন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একসঙ্গে ভেতরে ঢুকে পড়ায় এমন ভিড়ের সৃষ্টি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মকর্তা চন্দন কুমার সরকার বলেন, আজ উপজেলার বিভিন্ন এলাকার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৬০০ জনকে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।

টিকাকেন্দ্রে দায়িত্বরত উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. আবদুস সবুর বলেন, স্কাউট সদস্য, পুলিশ ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিমুল ইহসান তৌহিদ প্রথম আলোকে বলেন, প্রথম ডোজের মতো শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় ডোজের টিকা নিতে এসেছে। তাদের এ আগ্রহের বিষয়টি ইতিবাচক।