রায়গঞ্জে দ্বিতীয় দিনে করোনার টিকা নিল ১ হাজার ১৮৮ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের টিকা।
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১২ থেকে ১৮ বছর বয়সী ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা প্রদানের দ্বিতীয় দিনে ১ হাজার ১৮৮ শিক্ষার্থী টিকা নিয়েছে। আজ রোববার সকাল সাড়ে নয়টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে চান্দাইকোনা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়।

টিকা নিতে আসা অন্তত চারজন শিক্ষার্থী বলে, শিক্ষকেরা বাসে করে স্কুল থেকে এখানে নিয়ে এসেছেন, আবার টিকাদানকেন্দ্র থেকে স্কুলে পৌঁছে দেবেন। প্রথম দিকে একটু ভয় পেলেও টিকা দেওয়ার সময় তারা টের পায়নি বলে জানায়।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিমুল ইহসান তৌহিদ প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন পর আবার করোনার রোগী শনাক্ত হচ্ছেন। তাই টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

বিকেলে চান্দাইকোনা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মুকীত প্রথম আলোকে বলেন, দ্বিতীয় দিনে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ১ হাজার ১৮৮ ছাত্রছাত্রীকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়।