রায়গঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে আ.লীগের দুই চেয়ারম্যান প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ জেলা

দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী। ইউনিয়ন দুটি হচ্ছে ধানগড়া ও ধামাইনগর। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান আজ সোমবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন।

ইউনিয়ন দুটিতে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়া দুই প্রার্থী আজ সোমবার মনোনয়ন প্রত্যাহার করায় ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না। উপজেলার নয়টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ধানগড়া ও ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাছাই শেষে তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সোমবার ধানগড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. ফিরোজ উদ্দিন খান ও ধামাইনগর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবদুল মজিদ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে এ দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে রইলেন আওয়ামী লীগের মীর ওবায়দুল ইসলাম ও রাইসুল হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন খান মনোনয়নপত্র দাখিল করেছিলেন।