রায়গঞ্জে শনিবার সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

৩৩ কেভি লাইনের মেরামতকাজের জন্য শনিবার সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ সরবরাহ।
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে কাল শনিবার সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ–সংযোগ থাকবে না। সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ভূঞাগাঁতী আঞ্চলিক কার্যালয়।

গ্রাহক পর্যায়ে মাইকিং ও খুদে বার্তা পাঠানোর মাধ্যমে এ তথ্য জানানো হচ্ছে। এতে বলা হয়েছে, ৩৩ কেভি লাইনের মেরামতকাজের জন্য শনিবার সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সেবা না পাওয়ার কথা উল্লেখ করে দুঃখ প্রকাশ করা হয়েছে।

উপজেলার রণতিথা এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা বলেন, দীর্ঘ সময় ধরে পল্লী বিদ্যুতের নানা ধরনের মেরামতকাজ চলছে। এ জন্য প্রায়ই দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এটি আগেই মাইকিং করে জানানো হয় বলে গ্রাহকদের ভোগান্তি কমে। তবে কয়েক দিন ধরে প্রায়ই লোডশেডিং দেখা দেয়। এতে ভোগান্তির সীমা থাকে না।

ধানগড়া এলাকার গৃহবধূ জাহানারা বেগম বলেন, মাইকিং করে বিদ্যুৎ বন্ধ রাখার কথা বলা হচ্ছে। কিন্তু রাতে যখন একটু পরপর বিদ্যুৎ চলে যায়, তখন খুব কষ্ট হয়। বিশেষ করে যাঁদের ঘরে ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ আছে, গরমে তাঁদের ভোগান্তির শেষ থাকে না।

ধানগড়া পশ্চিমপাড়ার বাসিন্দা মিজানুর রহমান বলেন, চলতি মাসের ২, ৭ ও ১৩ তারিখে পূর্বঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর ভূঞাগাঁতী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুল কুদ্দুস আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন পর এ অঞ্চলে মেরামতকাজ হচ্ছে। এতে সাময়িক অসুবিধা হলেও আগামী দিনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।