রায়গঞ্জে হাটবাজারে হাতি দিয়ে টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে হাতি দিয়ে টাকা আদায় করছেন এক মাহুত। আজ রোববার বিকেলে
ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে হাতি দিয়ে টাকা আদায় করা হচ্ছে। কঠোর বিধিনিষেধে দোকানপাট বন্ধ থাকলেও কাঁচাবাজার, বিভিন্ন যানবাহন ও পথচারীদের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, উপজেলার ধানগড়া বাজার এলাকায় দুটি হাতি নিয়ে চার-পাঁচজন ব্যক্তি টাকা আদায় শুরু করেন। দুটি হাতির পিঠে দুজন মাহুত থাকলেও আশপাশে তাঁদের লোকজন ছিলেন পাহারায়। বেশির ভাগ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় হাতি দুটি পথচারী, বিভিন্ন যানবাহন ও কাঁচাবাজার থেকে টাকা তোলা শুরু করে।

মাংস ব্যবসায়ী আসাদুল আলম বলেন, কঠোর বিধিনিষেধে এমনিতেই ব্যবসা-বাণিজ্যের অবস্থা খারাপ। তার ওপর হাতি দিয়ে এভাবে টাকা আদায় করায় বিপদে পড়েছেন। দোকানের সামনে এসে হাতি দাঁড়িয়ে পড়ে। টাকা না দেওয়া পর্যন্ত সরে না।

দুজন মাছ ব্যবসায়ী বলেন, এর আগে বহুবার বাজারে হাতি এসেছে। কিন্তু তাঁদের কাছে আসেনি। এবারই প্রথম টাকা নেওয়ার জন্য তাঁদের দোকানে হাতি এসেছে।

রনতিথা এলাকার বাসিন্দা মেহেদি হাসান বলেন, ‘দরকারি কিছু জিনিস কেনার জন্য বাজারে গিয়েছিলাম। হঠাৎ সামনে হাতি এসে উপস্থিত। শেষে টাকা দিয়ে ছাড়া পেয়েছি।’ একই ধরনের কথা বলেন আরও দুজন।

ব্যাটারিচালিত অটোরিকশার দুজন চালক বলেন, ধানগড়া পুরাতন চৌরাস্তা মোড়ে হঠাৎ গাড়ির সামনে একটি হাতি এসে দাঁড়িয়ে পড়ে। শেষে টাকা দিয়ে ছাড়া পেয়েছেন। প্রতিজনের কাছ থেকে ১০-২০ টাকা নেওয়া হয়।

জোর করে টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করে একটি হাতির মাহুত বলেন, এত দিন তাঁরা বগুড়ার শেরপুর এলাকায় ছিলেন। কঠোর বিধিনিষেধে বেঁচে থাকার তাগিদে হাতি নিয়ে রাস্তায় বেরিয়েছেন। বেশির ভাগ দোকান বন্ধ থাকায় কাঁচাবাজার ও পথচারীদের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে তাঁরা বলেন, যে যা দেন, তা–ই নেন। জোরজুলুম করা হয় না।

স্থানীয় পরিবেশবাদী সংগঠন স্বাধীন জীবনের নির্বাহী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, বনের পশুকে দিয়ে এভাবে টাকা আদায় আইনবিরুদ্ধ। হাতি পালনের জন্য সনদপত্র নেওয়ার সময় মালিককে এসব বিষয় নিশ্চিত করতে হয় বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল আলম এভাবে হাতি দিয়ে টাকা আদায়ের সুযোগ নেই জানিয়ে বলেন, হাতি দিয়ে টাকা আদায় বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।