রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ দিন ধরে বন্ধ প্রসূতিদের অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্তঃসত্ত্বা নারী
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ দিন ধরে প্রসূতিদের অস্ত্রোপচার (সিজার) বন্ধ আছে। এতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের পরিবারের অন্তঃসত্ত্বা নারীরা। গত ১৭ জানুয়ারি স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিৎসক শামিমা নাসরিন বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ার পর থেকে এই অবস্থা।

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা গ্রহণকারী কয়েকজন প্রসূতি বলেন, এখানে স্বাভাবিক প্রসব না হলে প্রসূতিদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে প্রত্যন্ত গ্রামের প্রসূতিদের রাতে প্রসবব্যথা শুরু হলে তাঁদের জন্য লক্ষ্মীপুর যাওয়া খুবই কষ্টকর। বাধ্য হয়ে অন্তঃসত্ত্বা নারীকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যেতে হয়। ক্লিনিকের খরচ জোগাতে গিয়ে বিপাকে পড়ে পরিবারগুলো।

গত রোববার উত্তর চর আবাবিল ইউনিয়নের মো. সারোয়ার (৪০) তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কিন্তু গাইনি চিকিৎসক না থাকায় তাঁকে যেতে হয় স্থানীয় একটি ক্লিনিকে। প্রথম আলোকে তিনি বলেন, ‘সরকারি হাসপাতালে একটু হয়রানি হলেও খরচ কম। কিন্তু ক্লিনিকে খরচ বেশি। বাধ্য হয়ে স্ত্রীর কথা বিবেচনা করে তাঁকে ক্লিনিকে নিয়েছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, গাইনি চিকিৎসক বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ার কারণে প্রসূতিদের অস্ত্রোপচার করা যাচ্ছে না। চিকিৎসক না থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই এই সমস্যা দূর হবে, এমন আশা তাঁর।